প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৪: ৩৬ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৪: ৪১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের চিকিৎসায় বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে। তার চোখে প্রয়োগ করা হচ্ছে ‘ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ’ ইনজেকশন। এটি মূলত রেটিনার শিরায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়াসহ দৃষ্টিশক্তিসংক্রান্ত কিছু রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ইনজেকশন চোখের অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং রেটিনার ফোলাভাব কমাতে সহায়তা করে।
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে ইমরান খানের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে পিমসে নেওয়া হয়েছিল।
পিমস হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, চক্ষু বিশেষজ্ঞের নির্দেশনায় ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে চোখের পরীক্ষাও ছিল। তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ফলও স্বাভাবিক পাওয়া যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, রোগীর সম্মতি নেওয়ার পর প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা ও চিকিৎসার নিয়ম মেনে চক্ষু বিশেষজ্ঞদের একটি দল তার চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করে।
তবে বিবৃতিতে ইমরান খানের রোগ নির্ণয়ের বিস্তারিত জানানো হয়নি। এর আগেও তাকে একাধিকবার এই ইনজেকশন দেওয়া হয়েছে।
হাসপাতালের বিবৃতি অনুযায়ী, রাত আড়াইটার দিকে ইমরান খানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় পরবর্তী পরিচর্যা ও ফলোআপ চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পিমস হাসপাতালের এক কর্মকর্তা জানান, তাকে প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে রাখা হয়েছিল। পরীক্ষা ও চিকিৎসা শেষে আবার আদিয়ালা কারাগারে নেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে চিকিৎসার সর্বশেষ তথ্য প্রকাশের পর ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসাসুবিধা নিয়ে উদ্বেগ জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনো মানুষের স্বাস্থ্যকে রাজনৈতিক দর-কষাকষির উপায় হিসেবে ব্যবহার করা যায় না। কোনো সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসাকে কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ রাখা যায় না।’
পিটিআই আবারও ইমরান খানের পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদের তার সঙ্গে তাৎক্ষণিক ও বাধাহীনভাবে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।
অন্যদিকে পাকিস্তান সরকার একাধিকবার দাবি করেছে, ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হয়নি।
ইমরান খানের চোখের চিকিৎসায় ব্যবহৃত এই ইনজেকশন কী, কোন রোগে এটি দেওয়া হয় এবং কীভাবে প্রয়োগ করা হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন কী
পাকিস্তান সরকার ও ইমরান খানের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত হওয়ার কারণে তার ডান চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাজ্যের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বয়স্ক ব্যক্তিদের দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার অন্যতম সাধারণ কারণ রেটিনাল ভেইন অক্লুশন। এ অবস্থায় চোখের রেটিনার শিরায় বাধা সৃষ্টি হয়। ফলে সেখানে রক্ত জমাট বাঁধতে পারে এবং স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয়।
চোখের কালো অংশ বা পিউপিলের পেছনে অবস্থিত সূক্ষ্ম স্তরটির নাম রেটিনা। এটি পুরোনো ক্যামেরার ফিল্মের মতো কাজ করে। চোখে প্রবেশ করা আলো গ্রহণ করে রেটিনা মস্তিষ্কে দৃষ্টিসংক্রান্ত সংকেত পাঠায়।
রেটিনার শিরায় বাধা তৈরি হলে রক্ত বা অন্যান্য তরল পদার্থ রেটিনার ভেতরে ছড়িয়ে পড়তে পারে। এতে রেটিনায় ক্ষত সৃষ্টি হয়, ফোলাভাব দেখা দেয় এবং অক্সিজেনের ঘাটতি তৈরি হতে পারে। ফলে চোখের আলো গ্রহণকারী কোষগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। একপর্যায়ে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে।
এনএইচএসের তথ্য অনুযায়ী, ৬০ বছরের কম বয়সিদের মধ্যে এ রোগ তুলনামূলক কম দেখা যায়।
রেটিনাল ভেইন অক্লুশন মূলত দুই ধরনের। এর একটি হলো সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। এ ক্ষেত্রে রেটিনার প্রধান শিরায় বাধা সৃষ্টি হয়। এনএইচএসের মতে, এ ধরনের সমস্যায় দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. হিরা আওয়াইস বিবিসি উর্দুকে বলেন, রোগীভেদে এ রোগের উপসর্গ ও প্রভাব ভিন্ন হতে পারে। দৃষ্টিশক্তির বর্তমান অবস্থার ওপরও এর প্রভাব নির্ভর করে।
তিনি বলেন, অনেক রোগীর ক্ষেত্রে রক্তনালি বন্ধ হয়ে গেলে রেটিনার বিভিন্ন স্থানে রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়। কখনো কখনো এ অবস্থায় রোগীর দৃষ্টিশক্তি এতটাই কমে যায় যে তিনি আলো পর্যন্ত দেখতে পান না। আবার কিছু রোগীর দৃষ্টিশক্তি তুলনামূলক ভালো থাকে।
ডা. হিরার মতে, রোগটি প্রথমবার শনাক্ত হওয়ার সময় দৃষ্টিশক্তি যত বেশি ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তী সময়ে তা পুনরুদ্ধারের সম্ভাবনা তত কমে যায়।
ইনজেকশন দিয়ে কীভাবে চিকিৎসা করা হয়
সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনসহ রেটিনার বিভিন্ন সমস্যায় ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন ব্যবহার করা হয়।
এনএইচএসের তথ্য অনুযায়ী, ইনট্রাভিট্রিয়াল ইনজেকশন হলো এমন একটি চিকিৎসাপদ্ধতি, যার মাধ্যমে চোখের ভেতরে থাকা ভিট্রিয়াস নামের জেলির মতো পদার্থে সরাসরি ওষুধ প্রয়োগ করা হয়। এর ফলে ওষুধ আক্রান্ত স্থানে পৌঁছাতে পারে।
এই ইনজেকশন রেটিনার কোষ থেকে উৎপন্ন ভিইজিএফ নামের একটি প্রোটিনের কার্যক্রম বাধাগ্রস্ত করে। এর ফলে চোখের ভেতরে অস্বাভাবিক রক্তনালি তৈরি হওয়া এবং সেসব রক্তনালি থেকে তরল নিঃসরণ কমে আসে।
এ চিকিৎসার মূল লক্ষ্য হলো রেটিনার ফোলাভাব কমানো এবং দৃষ্টিশক্তির আরো অবনতি ঠেকানো।
ডা. হিরা আওয়াইস বলেন, এ রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের ইনজেকশন রয়েছে। বিশেষ করে অ্যান্টি-ভিইজিএফ ওষুধেরও একাধিক ধরন পাওয়া যায়।
তিনি বলেন, কিছু রোগীকে প্রতি মাসে ইনজেকশন নিতে হয়। পাশাপাশি প্রতি মাসে পরীক্ষা করে দেখা হয়, পরবর্তী সময়ে আরো ইনজেকশন প্রয়োজন কি না।
এ জন্য বিভিন্ন পরীক্ষা করা হয়। এর মধ্যে ওসিটি বা অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এর মাধ্যমে রেটিনার পুরুত্ব এবং চোখের ভেতরে জমে থাকা তরল বা ফোলাভাবের মাত্রা পরিমাপ করা হয়।
ডা. হিরার ব্যাখ্যা অনুযায়ী, ইনজেকশন দেওয়ার পর রোগীর অবস্থার উন্নতি হলেও যদি রেটিনার ফোলাভাব থেকে যায় এবং আরো চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে আবার ইনজেকশন দেওয়া হয়। রোগীর অবস্থা অনুযায়ী মাসিক ভিত্তিতেও এ চিকিৎসা চালিয়ে যেতে হতে পারে।
তিনি বলেন, ‘কিছু ইনজেকশনের ফলাফল আমরা ৬০ দিন পর মূল্যায়ন করি। আবার কিছু ইনজেকশনের ক্ষেত্রে রোগীকে প্রতি মাসে ফলোআপে রাখা হয়।’
এই ইনজেকশনের দুটি প্রধান উপকারিতা রয়েছে বলে জানান ডা. হিরা। প্রথমত, এটি চোখের ভেতরে জমে থাকা তরল কমিয়ে রেটিনার ফোলাভাব নিয়ন্ত্রণে সহায়তা করে। দ্বিতীয়ত, ইস্কেমিয়ার কারণে সৃষ্ট জটিলতা প্রতিরোধে ভূমিকা রাখে।
ইস্কেমিয়া বলতে বোঝায়, রক্তনালি বন্ধ হয়ে যাওয়ায় কোনো অঙ্গে স্বাভাবিক রক্ত সরবরাহ ব্যাহত হওয়া। রক্ত চলাচল কমে গেলে রেটিনায় অক্সিজেনের সরবরাহও কমে যায়।
অক্সিজেনের ঘাটতি দেখা দিলে রেটিনা নিজের কার্যক্ষমতা বজায় রাখার জন্য নতুন রক্তনালি তৈরির চেষ্টা করে। কিন্তু এসব নতুন রক্তনালি সাধারণত দুর্বল হয়। ফলে যেকোনো সময় সেগুলো থেকে রক্তক্ষরণ হতে পারে।
এ ছাড়া নতুন রক্তনালিগুলো রেটিনায় টান সৃষ্টি করতে পারে। এর ফলে চোখে আরো জটিলতা দেখা দিতে পারে।
ডা. হিরা বলেন, এ কারণেই চোখে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হয়। এর মাধ্যমে অস্বাভাবিক নতুন রক্তনালির বৃদ্ধি নিয়ন্ত্রণের পাশাপাশি রেটিনার ফোলাভাব কমানো সম্ভব। দৃষ্টিশক্তি সংরক্ষণ ও উন্নত করার ক্ষেত্রে এ দুটি বিষয় গুরুত্বপূর্ণ।
চোখে ইনজেকশন দেওয়া হয় যেভাবে
এনএইচএসের তথ্য অনুযায়ী, অ্যান্টি-ভিইজিএফ ওষুধ চোখের ভেতরের জেলির মতো পদার্থ ভিট্রিয়াসে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। পুরো চিকিৎসাপদ্ধতি সম্পন্ন করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
এনএইচএস বলছে, ইনজেকশন দিতে মাত্র কয়েক সেকেন্ড লাগে। সাধারণত এতে খুব বেশি ব্যথা হয় না।
প্রথমে রোগীকে আরামদায়ক অবস্থায় বসানো বা শোয়ানো হয়। এরপর চোখ অবশ করার জন্য কয়েক ফোঁটা ড্রপ দেওয়া হয়। চোখের চারপাশ পরিষ্কার করার পর চোখের পাতা খোলা রাখতে একটি ছোট যন্ত্র ব্যবহার করা হয়। এর নাম স্পেকুলাম। ফলে ইনজেকশন দেওয়ার সময় রোগীকে চোখের পাতা ফেলা নিয়ে চিন্তা করতে হয় না।
এরপর একটি সূক্ষ্ম সুচের সাহায্যে চোখের আক্রান্ত স্থানে ওষুধ প্রয়োগ করা হয়। ইনজেকশন দেওয়া শেষ হলে চোখে কিছু লুব্রিকেটিং ড্রপ দেওয়া হয়।
এনএইচএসের মতে, এ চিকিৎসা নেওয়া বেশির ভাগ রোগী এক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন। তবে কোনো কোনো ক্ষেত্রে চোখের ভেতরের চাপ বা আই প্রেসার পরীক্ষা করার জন্য রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়।
ডা. হিরা আওয়াইসের মতে, চোখে ইনজেকশন দেওয়ার প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে সাধারণ চিকিৎসাপদ্ধতি হিসেবেও সম্পন্ন করা যায়। এ জন্য রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয় না। ক্লিনিক বা চিকিৎসকের চেম্বারেও এ চিকিৎসা দেওয়া সম্ভব।
তিনি বলেন, বিদেশে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত পরিবেশের উচ্চমান বজায় রাখার কারণে কিছু জায়গায় ক্লিনিকেই এ ইনজেকশন দেওয়া হয়। এ ক্ষেত্রে রোগীকে শুইয়ে চোখ অবশ করার ড্রপ দেওয়া হয়। এরপর ইনজেকশন প্রয়োগ করে প্রায় এক ঘণ্টার জন্য চোখে ব্যান্ডেজ বেঁধে রাখা হয়। পরে তা খুলে দেওয়া হয়।
তবে ডা. হিরার ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে সাধারণত মাইনর অপারেশন থিয়েটারে (ওটি) এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। রোগীকে সেখানে নিয়ে ইনজেকশন দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন