ইউটিউবে ইনকাম বাড়াতে আসছে যে সব শর্ত

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সাধারণভাবে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাতে শুধু নিয়মিত ভিডিও প্রকাশ করলেই হয় না। এর পাশাপাশি দর্শক ধরে রাখা, ভিউ বাড়ানো এবং নির্দিষ্ট সংখ্যক সাবস্ক্রাইবার অর্জন করাও জরুরি। এবার সেই শর্ত আরও কঠোর করতে যাচ্ছে ইউটিউব।

এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করার যোগ্যতার নিয়মে পরিবর্তন আনছে ইউটিউব। নতুন নিয়ম ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। তবে ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত চ্যানেলগুলো এই নতুন নিয়মের আওতায় পড়বে না।

নতুন নীতিমালায় পার্টনার প্রোগ্রামে যোগ দিতে ১ হাজার সাবস্ক্রাইবারের শর্ত অপরিবর্তিত থাকছে। কিন্তু দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে গত ১২ মাসে প্রয়োজনীয় পাবলিক ওয়াচ টাইম ৪ হাজার ঘণ্টা থেকে বাড়িয়ে ৮ হাজার ঘণ্টা করা হচ্ছে।

অন্যদিকে, শর্ট ভিডিও থেকে আয় করতে হলে গত ৯০ দিনে ১ কোটি যোগ্য ভিউ অর্জন করতে হবে। এই লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে শর্টস থেকে বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন আয়ের সুযোগ পাওয়া যাবে না।

নির্ধারিত ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ অর্জন না করলে শর্ট ভিডিও থেকে রাজস্ব ভাগাভাগির সুবিধা মিলবে না। তবে এতে চ্যানেলটি সম্পূর্ণভাবে পার্টনার প্রোগ্রাম থেকে বাদ পড়বে না। নির্মাতারা দীর্ঘ ভিডিও থেকে আয় চালিয়ে যেতে পারবেন। পরবর্তীতে শর্টসের ভিউ লক্ষ্যমাত্রা পূরণ করলে সেই অংশ থেকেও আয় শুরু হবে।

ইউটিউব জানিয়েছে, নির্মাতা অর্থনীতি বড় হওয়ায় সক্রিয় নির্মাতাদের আরও কার্যকরভাবে পুরস্কৃত করতে এই পরিবর্তন আনা হচ্ছে। তবে নতুন নির্মাতাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

ইউটিউব শুধু বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে গিয়ে নির্মাতাদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। এর মধ্যে রয়েছে পণ্য বিক্রির সঙ্গে যুক্ত বোনাস, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সুযোগ এবং নতুন কনটেন্ট ধারা তৈরি বা জনপ্রিয় করার জন্য অতিরিক্ত প্রণোদনা।

এসব উদ্যোগের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউটিউব ‘প্রিমিয়াম লাইট’ সেবা চালুর পরিকল্পনাও জানিয়েছে। এই সেবার গ্রাহকেরা কত সময় ভিডিও দেখছেন এবং কত ভিউ তৈরি হচ্ছে, তার ভিত্তিতে নির্মাতারা সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ পাবেন।

ইউটিউবের তথ্য অনুযায়ী, প্রিমিয়াম সাবস্ক্রিপশন আয়ের ৩০ শতাংশ এবং প্রিমিয়াম লাইটের ৬০ শতাংশ নির্মাতাদের রাজস্ব তহবিলে যুক্ত হবে। এরপর দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে নির্মাতারা ৫৫ শতাংশ এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে ৪৫ শতাংশ রাজস্ব পাবেন।

বর্তমানে ইউটিউব পার্টনার প্রো গ্রামে ৩০ লাখের বেশি নির্মাতা রয়েছেন। প্রতিদিন শর্ট ভিডিওর ভিউ ২০ হাজার কোটিরও বেশি। টেলিভিশন পর্দায় প্রতিদিন ইউটিউব দেখার সময় ১০০ কোটি ঘণ্টা ছাড়িয়েছে।

দর্শক ও নির্মাতার সংখ্যা বাড়ার সঙ্গে আয়ের সুযোগ যেমন বাড়ছে, তেমনি সেই আয়ের অংশ পেতে প্রতিযোগিতাও কঠিন হয়ে উঠছে। নতুন নিয়ম কার্যকর হলে বিশেষ করে নতুন নির্মাতাদের জন্য এই চ্যালেঞ্জ আরও বাড়বে।

বিষয়:

ইউটিউব
এলাকার খবর

সম্পর্কিত