ভারতের হরিয়ানার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। মৃত্যুর পর তার শেষ পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে। ভক্তদের অনেকেই এখন সেই পোস্ট নিয়ে কথা বলছেন।
মৃত্যুর কয়েকদিন আগে, ২০২৬ সালের ১৯ মার্চ, দিব্যাঙ্কা একটি ভিডিও শেয়ার করেন যেখানে তাকে দেখা যায় একদম ভিন্নভাবে। তাকে ফুলেল পোশাকে দেখা যায়। কোনও জাঁকজমকপূর্ণ সেট বা সহশিল্পী ছাড়াই তিনি নাচছিলেন ভক্তিমূলক গান “বরসানা মিলা হ্যায়” এর সঙ্গে।
ভিডিওর নিচে লেখা ক্যাপশনই এখন সবচেয়ে বেশি আলোচনায়। তিনি সেখানে হিন্দিতে লেখেন, রাধা রানী তার জীবনে প্রেমকে ভাগ্য হিসেবে লিখে দিয়েছেন এবং এই আধ্যাত্মিক অনুভূতির মধ্যেই তিনি নিজেকে ধন্য মনে করেন। সাধারণত, দিব্যাঙ্কা সিরোহী তার কোটি ভক্তের কাছে উদ্দাম নাচ আর ভাইরাল ভিডিওর জন্য পরিচিত ছিলেন, তবে শেষ পোস্ট ছিল একেবারেই আলাদা। আর এটা নিয়েই ভক্তরা আলোচনা।
দিব্যাঙ্কা মূলত টিকটকের মাধ্যমে জনপ্রিয়তা পান। “মেরি মমি নু পসন্দ নি তু” ভিডিওটি প্রায় ২ কোটি ভিউ পান তিনি আর এটাই তাকে জনপ্রিয় করেছিল।এরপর তিনি হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রির বড় নাম যেমন মাসুম শর্মা, অমিত সাইনি রোহতকিয়া এবং কেডির সঙ্গে কাজ করেন।
পরিবারের তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল গাজিয়াবাদের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিব্যাঙ্কা। মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি। দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিনই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
১৯৯৬ সালের ১৯ নভেম্বর বুলন্দশহরে জন্ম নেয়া দিব্যাঙ্কা বাণিজ্য, এমবিএ এবং বি.এড সম্পন্ন করার পর বিনোদন জগতে পা রাখেন। স্বল্প সময়েই তিনি হরিয়ানভি মিউজিক ভিডিওর অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।
সূত্র: বলিউড লাইফ