অভিনেতা আতাউর রহমানের জীবনাবসান

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

স্বাধীনতা ও একুশে পদক পাওয়া নাট্যজন আতাউর রহমান মারা গেছেন। সোমবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর৷

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, রাত সাড়ে ১২টার দিকে আতাউর রহমান পপুলার হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসছেন সংস্কৃতি কর্মীরা। তিনি বলেন, গুরুতর অসুস্থ হলে তাকে গত শুক্রবার এ হাসপাতালে আনা হয়। পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে। রাশেদ মামুন অপু বলেন, “ওনার শেষ ইচ্ছে ছিল শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর। সেইখানে অনুমতির জন্য চেষ্টা করা হবে সকালে।“

জানাজাসহ অন্যান্য বিষয়ে পরিবারের সদস্যরা পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

আতাউর রহমান এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দেশের সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকটি মাধ্যমে কাজ করেছেন এই নাট্য ব্যক্তিত্ব। অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চনির্দেশনা করেছেন। লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।

মঞ্চনাটকে অবদানের জন্য তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার পান।

এলাকার খবর

সম্পর্কিত