“আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি, কখন কী করতে হবে; কখন দেশ গড়ার কাজ করতে হবে,” বলেন এনসিপির মুখপাত্র।
‘সহিংসতার’ ক্ষেত্রে ক্ষমতাসীনদের চেয়ে নিজেদের এগিয়ে থাকার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, “বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ‘ভায়োলেন্স’ চাচ্ছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি, কখন কী করতে হবে, কখন দেশ গড়ার কাজ করতে হবে। কিন্তু সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি।”
ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে আসিফ এসব কথা বলেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম— ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে একথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা।
এতে পাটওয়ারীর উপর হামলাকারীদের শুক্রবার রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসিফ বলেন, “আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছেন, ভিডিও ফুটেজ ও ছবিতে সবার পরিচয় এসেছে। আজ রাতের মধ্যে তাদের সবাইকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।”
তিনি বলেন, “ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স! আমাদের সঙ্গে যদি এটা করতে চান, এই লড়াইটা কোনো রাজনৈতিক দল, নির্দিষ্ট মতাদর্শ বা আদর্শের সঙ্গে হবে না; এই ফাইটটা হবে পুরো জেনারেশনের সঙ্গে। জেনারেশনের সঙ্গে ফাইট করার ভুলটা বেছে নিয়েছিলো শেখ হাসিনা। এই যে ‘জেনজির আপরাইজিং হচ্ছে, এটা শুধু রাজনীতিতে না, সচেতনতার ফরম্যাটেও হচ্ছে।”
তিনি যোগ করেন, “এই জেনজি আপরাইজিং আমাদের পাশ্ববর্তী দেশেও হয়ত আমরা দেখব। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা সেই জনগণের সঙ্গে, সেই জেনজিদের সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক দিয়ে আগামী দিনে একটা সুন্দর উপমহাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বক্তব্য রাখেন।
সূত্র : বিডিনিউজ