ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিও জানালেন ইসলামী আন্দোলনের আমির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে আলোচনায় বসে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, আওয়ামী লীগ এ দেশেরই একটি রাজনৈতিক দল। তবে দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে দেশ ও মানুষের কল্যাণের রাজনীতির প্রতিফলন দেখা যাচ্ছে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক আচরণ হতে পারে না।
একই সঙ্গে বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে দেশ পরিচালনা সম্ভব নয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করিম।
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি, আওয়ামী লীগসহ দেশে যত রাজনৈতিক দল রয়েছে, সবার একসঙ্গে বসা উচিত। ব্যক্তিস্বার্থ পরিহার করে দেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাই এ দেশের নাগরিক; দেশের ভালো-মন্দের সঙ্গে প্রত্যেকেরই সম্পর্ক রয়েছে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, দলটি দেশ ও মানুষের কল্যাণের রাজনীতি করার কথা বললেও তাদের বর্তমান আচরণে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশকে ক্ষতিগ্রস্ত করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা এ দেশেরই সন্তান। কিন্তু ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনীতি, সেই প্রশ্নের জবাব দিতে হবে।
‘পুরোনোরাই নতুনভাবে চেয়ারে বসেছে’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে রেজাউল করিম বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। রাষ্ট্র পরিচালনায় পরিবর্তনের যে আশা তৈরি হয়েছিল, তা বাস্তবে প্রতিফলিত হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
তাঁর ভাষায়, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। যাদের রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।’
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ক্ষমতায় যাওয়ার আগে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে গণভোটের রায় কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি। বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন রেজাউল করিম। তাঁর মতে, জনগণের মতামত ও রায়কে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
রাষ্ট্র পরিচালনায় ইসলামি আদর্শের পক্ষে অবস্থান
দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকট থেকে উত্তরণে ইসলামি আদর্শ অনুসরণের পক্ষে মত দেন মুফতি রেজাউল করিম। তাঁর দাবি, অতীত ও বর্তমান সরকারগুলোর নীতি ও আদর্শ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, সব পক্ষ একসঙ্গে কাজ করলে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি
সম্মেলনে ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবির প্রসঙ্গও তুলে ধরেন ইসলামী আন্দোলনের আমির। দ্বীপজেলা ভোলাকে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার পরিবর্তে ভোলা ও বরিশালের মধ্যে সরাসরি সেতু নির্মাণের দাবি জানান তিনি।
রেজাউল করিম বলেন, ভোলার মানুষ ভোলা-বরিশাল সেতু চান। তাই সেতুটি ভোলা ও বরিশালের মধ্য দিয়েই নির্মাণ করতে হবে। সরকারি পরিকল্পনায় ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিকল্প পথ বিবেচনার পরিবর্তে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার এ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের নতুন কমিটিও ঘোষণা করা হয়। এতে মো. ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচ এম হাবিবুল্লাহকে সহসভাপতি এবং মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয়। পরে নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।