রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় জামাত সম্পন্ন হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, সকাল ৭টায় সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেনের ইমামতিতের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
জামাত শেষে মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। দেশের ওপর নেমে আসা বিভিন্ন বালা-মুসিবত থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। পাশাপাশি পবিত্র রমজান মাসের রোজা ও অন্যান্য ইবাদত কবুলের জন্য দোয়া করা হয় এবং মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। মোনাজাতের সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে চোখের জল ফেলতে দেখা যায়। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্যও বিশেষ দোয়া করা হয়।
এদিকে, হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এখানে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।