রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
তুর্কি এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ১৭ অক্টোবর জানানো হয়, হুমায়ুন রাশেদ ৪৪ পয়েন্ট অর্জন করে শিরোপা জেতেন। এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম রানারআপ এবং এসএম আবদুল্লাহ ফারাবী তৃতীয় স্থান অধিকার করেন।
৭৫ স্কোর নিয়ে হুমায়ুন রশীদ ‘গ্রস’ বিভাগেও পুরস্কার জেতেন।
পুরুষদের ‘ক্লোজেস্ট টু দ্য পিন’ বিভাগে বিজয়ী হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান। একই বিভাগে নারীদের মধ্যে শিরোপা জিতেছেন নীলা আজিজ।
ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ঢাকার এ প্রতিযোগিতাটি চলতি বছরের তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের বৈশ্বিক সিরিজের ৯২তম আসর। এ সিরিজে মোট ১৩৯টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা পর্বের চ্যাম্পিয়ন হিসেবে হুমায়ুন রাশেদ তুরস্কের গলফ উপকূলে অবস্থিত গ্লোরিয়া গলফ ক্লাবে অনুষ্ঠেয় গ্র্যান্ড ফাইনালে ঢাকার প্রতিনিধিত্ব করবেন। বিভিন্ন দেশে অনুষ্ঠিত বাছাইপর্বের বিজয়ীরা সেখানে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।