সময় পেরিয়েছে, বদলেছে ঠিকানা। কেউ সিডনিতে, কেউ ব্রিসবেনে, কেউ মেলবোর্ন কিংবা অ্যাডিলেডে। তবু বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব আর স্মৃতির টান যে দূরত্ব মানে না, তারই প্রমাণ মিলল অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রাক্তন আইইউটিয়ানদের এক মিলনমেলায়। পরিচিত ‘গরু পার্টি’ ঐতিহ্যকে কেন্দ্র করে সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে বসেছিল ‘বিশাল গরু পার্টি’—যেখানে একদিনের জন্য ফিরে এসেছিল পুরোনো ক্যাম্পাসের আড্ডা, হাসি আর বন্ধুত্ব।
IUTian Sydneysiders-এর আয়োজনে গত শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত দিনব্যাপী এ পুনর্মিলনীতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে অংশ নেন ৪০০-এর বেশি প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর বন্ধু, সহপাঠী ও পরিচিতজনদের দেখা পেয়ে পুরো আয়োজনজুড়ে ছিল উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডা।

আইইউটির ক্যাম্পাস সংস্কৃতিতে ‘গরু পার্টি’ একটি পরিচিত ঐতিহ্য। সাধারণত স্নাতক হতে যাওয়া কোনো ব্যাচের উদ্যোগে অন্যান্য শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যদের জন্য ভোজ এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময়ের সঙ্গে এই আয়োজন শুধু একটি বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনুষ্ঠান না থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনেরও প্রতীক হয়ে উঠেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ২০১৯ সালে সিডনিতে ‘গরু পার্টি’ থিমে অ্যালামনাই অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নেও একই ঐতিহ্যকে ঘিরে আয়োজন করেন প্রাক্তন আইইউটিয়ানরা। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের আরও বড় পরিসরে একত্র করার লক্ষ্যেই আয়োজন করা হয় ‘বিশাল গরু পার্টি’।
অনুষ্ঠানের শুরুতেই অস্ট্রেলিয়ার আদিবাসী অ্যাবরিজিনাল সম্প্রদায়ের প্রতি সম্মান জানানো হয়। এরপর পরিবেশিত হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত। দিনভর চলে পরিচিতি ও মতবিনিময়, ব্যাচভিত্তিক পুনর্মিলন, স্মৃতিচারণ এবং নানা সামাজিক পর্ব।
অনেকের জন্য এ আয়োজন ছিল দীর্ঘ বিরতির পর পুরোনো বন্ধুদের সামনে বসার সুযোগ। কেউ ফিরে যান বিশ্ববিদ্যালয় জীবনের দিনগুলোর স্মৃতিতে, কেউ আবার বহু বছর পর খুঁজে পান হারিয়ে যাওয়া বন্ধুত্বের উষ্ণতা। একই সঙ্গে নতুন প্রজন্মের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয়ের সুযোগ তৈরি হয় সাবেক শিক্ষার্থীদের মধ্যেও।

সাংস্কৃতিক পর্বেও ছিল বৈচিত্র্য। প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে নাটক, নাচ ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
আয়োজকদের মতে, ‘বিশাল গরু পার্টি’ কেবল একটি পুনর্মিলনী নয়; অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার একটি উদ্যোগ। একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে আইইউটির ঐতিহ্য ও স্মৃতির যোগসূত্র তৈরির সুযোগও তৈরি হয়েছে এ আয়োজনের মাধ্যমে।
অনুষ্ঠানের শেষ দিকে ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আসা প্রাক্তন আইইউটিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান IUTian Sydneysiders-এর প্রতিনিধিরা।
একদিনের ‘বিশাল গরু পার্টি’ তাই শুধু একটি উৎসব হয়ে থাকেনি। এটি যেন আবারও মনে করিয়ে দিয়েছে—সময় মানুষকে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দিতে পারে, বদলে দিতে পারে জীবনের ঠিকানা; কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব, স্মৃতি আর একসঙ্গে থাকার আনন্দ কখনো পুরোনো হয় না।