রাজধানীর বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রেখে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন চালকেরা। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা না চলায় গণপরিবহনে চাপ বেড়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করে সোমবার অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন চালকেরা। এর পরদিন সকাল থেকেই উল্লেখযোগ্যসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে না নামায় যাত্রীদের বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে যেসব এলাকার স্বল্প দূরত্বের যাতায়াতে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নগরবাসীর নির্ভরতা বেশি, সেখানে ভোগান্তি তুলনামূলক বেশি দেখা গেছে।
অটোরিকশা না পাওয়ার সুযোগে সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এতে স্বাভাবিক সময়ের তুলনায় যাতায়াত ব্যয় বেড়ে গেছে বলে অভিযোগ তাদের।
শাহিনবাগ এলাকায় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নাখালপাড়া রেলগেটসংলগ্ন এলাকায় দুই সন্তানকে নিয়ে যাওয়ার জন্য এক মায়ের কাছে ৭০ টাকা ভাড়া চাওয়া হয়। যাত্রীর দাবি, স্বাভাবিক সময়ে একই দূরত্বে সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া দিতে হতো।
নাখালপাড়ার সমিতি বাজার এলাকা থেকে বৃদ্ধ মাকে নিয়ে মহাখালীর একটি হাসপাতালে যেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন স্কুলশিক্ষক তাসলিমা আক্তার। কোনো অটোরিকশা না পেয়ে পরে জানতে পারেন চালকেরা ধর্মঘট করছেন। বাধ্য হয়ে প্যাডেলচালিত রিকশার এক চালকের সঙ্গে বেশি ভাড়ায় সমঝোতা করে তিনি হাসপাতালে যান।
অটোরিকশা বন্ধের পাশাপাশি কয়েকটি সড়কে চালকদের অবস্থান ও অবরোধের কারণে যান চলাচলও ব্যাহত হয়েছে। এতে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়। অটোরিকশা বন্ধ থাকায় যাত্রীদের চাপ বাড়ায় অন্যান্য গণপরিবহনেও অতিরিক্ত ভিড় দেখা যায়।
চালকদের অভিযোগ, রাজধানীর বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়া ও পরিচালনা ব্যাহত হচ্ছে। এতে তাদের আয়-রোজগারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
অটোরিকশাচালকদের ধর্মঘটের কারণে একদিকে যেমন নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে স্বল্প দূরত্বের যাতায়াতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যাত্রীদের অভিযোগ, সংকটের সুযোগে বিকল্প যানবাহনের চালকেরা অতিরিক্ত ভাড়া নেওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।