জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়ে প্রশ্ন তুলেছেন।
আজ সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘লোকটা চুয়েটের ভিসি নাকি চুয়েট ছাত্রদলের সভাপতি?’
প্রসঙ্গত, চুয়েটে ভিসিবিরোধী আন্দোলন চলছে। ভিসি আজ তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে অফিস করেন। পরে শিক্ষার্থীরা তাকে বাইরে থেকে তারা মেরে দেয়।এর আগে সোমবার দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ত্যাগের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন না ছাড়লে সেটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা, ফটকে তালা দেওয়া এবং বাইরে থেকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন তারা।
শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত সময় পার হওয়ার পর উপাচার্য ভবনের ফটকে তালা দেওয়া হয়। এ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের ভবনের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
তার আগে অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগের পর গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে আন্দোলনের কারণে এত দিন তিনি সরাসরি ক্যাম্পাসে যেতে পারেননি।
এর মধ্যে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।