ফুটবল মাঠে অসংখ্য গোল, ট্রফি ও রেকর্ড গড়ার পর এবার অভিনয় জগতে আনুষ্ঠানিকভাবে অভিষেক হতে যাচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্রিটিশ ড্রামা সিরিজ ‘Day 1s’-এ তিনি শুধু নির্বাহী প্রযোজক হিসেবেই নন, অভিনয়শিল্পী হিসেবেও যুক্ত হয়েছেন। সিরিজটিতে তাঁর সঙ্গে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এটিই হবে রোনালদোর প্রথম আনুষ্ঠানিক অভিনয়। সিরিজটি ব্রিটিশ ফুটবলের নেপথ্যের বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে। এতে ফুটবলারদের দলবদল, চুক্তি, এজেন্টদের প্রভাব, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং পেশাদার ফুটবলের অজানা নানা দিক তুলে ধরা হবে।
সিরিজের কেন্দ্রীয় চরিত্র ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। নাটকটিতে ফুটবলের উত্তেজনার পাশাপাশি থাকবে মানবিক গল্প, নাটকীয়তা ও হাস্যরসের মিশেল।
ইংল্যান্ডে ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। বারনেট স্টেডিয়ামে বেশ কয়েকটি দৃশ্য ধারণ করা হয়েছে। অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন রোনালদো।
নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, “এটি আমার জন্য এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। সামনে নতুন কাজ এবং নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।”
ফুটবল-পরবর্তী জীবনকে সামনে রেখে রোনালদো আগেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান UR Marv Studios প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র ও টেলিভিশন কনটেন্ট নির্মাণই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। ‘Day 1s’ সিরিজে তাঁর সহযোগী হিসেবে রয়েছেন ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক ম্যাথিউ ভন।
ম্যাথিউ ভন বলেন, “ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। তাঁর সঙ্গে অনুপ্রেরণামূলক গল্প পর্দায় তুলে ধরার অপেক্ষায় আছি।”
শু/আজা