পার্বত্য জেলা পরিষদে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

রাঙামাটি প্রটিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী পার্বত্য জেলা পরিষদে স্থগিত নিয়োগ ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে শহরের একটি রেস্টুরেন্টে রাঙামাটি কোটা বিরোধী ঐক্যজোটের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি কোটা বিরোধী ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জনি, সদস্য সচিব মো. নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বী, জান্নাতুল ফেরদৌসসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর অধীনে নিয়োগে ‘অগ্রাধিকার’ শব্দের ব্যাখ্যা ব্যবহার করে দীর্ঘদিন ধরে ৬৭ শতাংশ উপজাতি এবং ৩৩ শতাংশ বাঙালি কোটা অনুসরণ করা হয়েছে, যা বৈষম্য সৃষ্টি করেছে। এই বৈষম্যের বিরুদ্ধে রাঙামাটি কোটা বিরোধী ঐক্যজোট ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

তারা জানান, গত ২৩ জুলাই ২০২৪ সালের প্রজ্ঞাপন এবং চলতি বছরের ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যায় স্পষ্ট করা হয়েছে যে, সারাদেশের মতো পার্বত্য জেলা পরিষদেও নিয়োগে ৯৩ শতাংশ মেধা এবং ৭ শতাংশ কোটা নীতি অনুসরণ করতে হবে।

সংগঠনের সদস্য সচিব মো. নুরুল আলম বলেন, সরকারের চূড়ান্ত আইনি ব্যাখ্যায় স্পষ্ট হয়েছে যে, এতদিন পার্বত্য জেলা পরিষদে প্রচলিত ৬৭ শতাংশ ও ৩৩ শতাংশ কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থা আইনসম্মত নয়। তাই বিলম্ব না করে মেধাভিত্তিক, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি।

আহ্বায়ক মোহাম্মদ জনি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা শুরুর আগে সরকারি ট্রেজারিতে প্রশ্নপত্র সংরক্ষণ, স্বজনপ্রীতিমুক্ত ফলাফল প্রকাশ, উপজেলা ভিত্তিক কোটার সুস্পষ্ট বিন্যাস এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের পাশাপাশি নাম-ঠিকানা প্রকাশের দাবি জানান।

তিনি আরও বলেন, আইনি ব্যাখ্যা পাওয়ার পরও যদি জেলা পরিষদ নিয়োগ প্রক্রিয়ায় অযথা বিলম্ব বা টালবাহানা করে, তাহলে রাঙামাটি কোটা বিরোধী ঐক্যজোট পাহাড়ের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

 

শু/আজা

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত