২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা ফুটবল ছিল চরম অগোছালো ও হতাশায় ডুবন্ত। শেষ ষোলো থেকেই বিদায় নেওয়া দলটির দায়িত্ব নিতে যখন বড় বড় কোচরা আগ্রহ দেখাননি, তখন সবার চমক ভেঙে দায়িত্ব পান লিওনেল স্কালোনি। ছয় বছরের ব্যবধানে সেই স্কালোনিই এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে।
৪৮ বছর বয়সী এই কোচের অধীনেই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষা শেষে ২০২২ সালে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল টানা দুই আসরে শিরোপা জিতেছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল এই কীর্তি গড়েছিল। আর্জেন্টিনা এবার সেই তালিকায় নাম লেখানোর সুযোগ পাচ্ছে।
তবে কোচ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে মাত্র একজনের। ইতালির কিংবদন্তি ভিত্তোরিও পোজ্জো ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালিকে বিশ্বকাপ জিতিয়ে এই অনন্য রেকর্ড গড়েন।
অন্যদিকে ব্রাজিল টানা দুটি বিশ্বকাপ জিতলেও দুই আসরে তাদের কোচ ছিলেন ভিন্ন দুজন—১৯৫৮ সালে ভিসেন্তে ফিওলা এবং ১৯৬২ সালে আইমোরে মোরেইরা।
এ পর্যন্ত ২২টি বিশ্বকাপে ২১ জন কোচ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। তাদের মধ্যে পাঁচজন কোচ একবার করে বিশ্বচ্যাম্পিয়ন ও একবার রানার্সআপ হয়েছেন। রোববারের ফাইনালে আর্জেন্টিনা হেরে গেলে স্কালোনিও সেই তালিকায় যুক্ত হবেন। আর জিতলে ভিত্তোরিও পোজ্জোর পর ইতিহাসের মাত্র দ্বিতীয় এবং আধুনিক ফুটবলের প্রথম কোচ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন।
একবার করে বিশ্বকাপ জেতা ও রানার্সআপ হওয়ার কৃতিত্ব রয়েছে জার্মানির হেলমুট শ্যুন ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনার কার্লোস বিলার্দো, ব্রাজিলের মারিও জাগালো এবং ফ্রান্সের দিদিয়ের দেশমের।
উল্লেখ্য, বিশ্বকাপজয়ী ২১ জন কোচই নিজ নিজ দেশের দায়িত্বে থেকে শিরোপা জিতেছেন। এবারও ফাইনালে মুখোমুখি হওয়া দুই দলের কোচই স্বদেশি—আর্জেন্টিনার লিওনেল স্কালোনি এবং স্পেনের লুইস দে লা ফুয়েন্তে।
শু/আজা