নরওয়ে ফুটবল ফেডারেশনের (এনএফএফ) প্রধান লিসা ক্লাভনেস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন।
নরওয়ে ফেডারেশনের পরিচালনা পর্ষদের বৈঠকের পর সাংবাদিকদের ক্লাভনেস বলেন, বর্তমান পরিস্থিতিতে ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আস্থা ইনফান্তিনোর নেই। তিনি বলেন, ‘জিয়ান্নি ইনফান্তিনোর আর পেছনে ফেরার পথ নেই।’
ক্লাভনেস জানান, তারা ইনফান্তিনোকে এখনই পদত্যাগ করার আহ্বান জানাবেন।
২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে থাকা সুইস-ইতালিয়ান আইনজীবী ইনফান্তিনো আগামী বছরের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদে পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার কথা রয়েছে। নির্বাচনে জয়ী হতে ফিফার ২১১ সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হবে। প্রার্থীদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রার্থিতা ঘোষণা করতে হবে।
সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ফাঁস ও ব্যর্থ হওয়ার পর থেকেই ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে রয়েছেন।
শু/আজা