মেসির সঙ্গে খেলতেই ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ইউরোপের একাধিক ক্লাবের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। তার মতে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় কারণ লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ। আর্জেন্টাইন অধিনায়ককে তিনি ‘ফুটবলের দেবতা’ আখ্যা দিয়ে বলেছেন, মেসিকে আরও শিরোপা জিততে সাহায্য করাই এখন তার প্রধান লক্ষ্য। এ তথ্য জানিয়েছে ইএসপিএন।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে গত সপ্তাহে ইন্টার মায়ামিতে যোগ দেন ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির সঙ্গে ২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তি করেছেন তিনি। চুক্তিতে মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

নতুন ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ক্যাসেমিরো বলেন, ‘আমার মনে কোনো সন্দেহ নেই, আমি এখানে এসেছি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে। আমি এটি উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই। কারণ সে জন্মগত একজন বিজয়ী। জয়ের মানসিকতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষুধা নিয়েই আমি তার দলে যোগ দিয়েছি।’

তিনি জানান, ইতালিসহ ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন। তবে তার লক্ষ্য ছিল একটাই—মেসির সতীর্থ হওয়া।

ক্যাসেমিরো বলেন, ‘আমি এমন একটি জায়গায় এসেছি, যেখানে আমি নিজেই আসতে চেয়েছি। ইউনাইটেড ছাড়ার পর ইতালিসহ বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব ছিল। কিন্তু আমি তার পাশে খেলতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই। সে ফুটবলের অন্যতম সেরা, নাকি ফুটবলের ঈশ্বর—এটা বলা কঠিন। আমি শুধু তাকে সাহায্য করতে চাই।’

রিয়াল মাদ্রিদে খেলার সময় এল ক্লাসিকোতে বহুবার মেসির মুখোমুখি হওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি।

‘মেসি অতীতে আমাকে অনেক ভুগিয়েছে। তখন থেকেই একদিন তার সঙ্গে একই দলে খেলার ইচ্ছা ছিল। আমি সবসময় সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চেয়েছি। রিয়াল মাদ্রিদে থাকাকালে তাকে কখনোই একা থামাতে পারিনি, প্রতিবারই সতীর্থদের সহায়তা প্রয়োজন হতো। এখন তার সতীর্থ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। তার সঙ্গে ট্রফি জিততে চাই,’ বলেন ক্যাসেমিরো।

এরই মধ্যে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে ক্যাসেমিরোর। অন্যদিকে বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ফলে খুব শিগগিরই ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবারের মতো একই একাদশে দেখা যেতে পারে একসময়কার দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।

 

শু/আজা

বিষয়:

ফুটবল খেলা
এলাকার খবর

সম্পর্কিত