২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি চরম প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রথমার্ধের খেলা চলাকালীন স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাতের ঝুঁকি শনাক্ত হওয়ায় নিরাপত্তা প্রটোকল মেনে এ সিদ্ধান্ত গ্রহণ করে ফিফা। নিরাপত্তার স্বার্থে দ্রুত স্টেডিয়াম খালি করে দর্শকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে 'এল' গ্রুপের ম্যাচটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত ফ্রান্স ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের ১৪ মিনিটে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের এক দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন। এই গোলটি রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডের ক্যারিয়ারে একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় ও বিশ্বকাপে সব মিলিয়ে ১৫তম গোল। এই গোলটির মাধ্যমেই তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর সমান ১৫টি বিশ্বকাপ গোল করার রেকর্ডে ভাগ বসান। এখন তার সামনে রয়েছে কেবল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল) ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (১৮ গোল)।
এদিন ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন এমবাপ্পে। তার মাইলফলক ছোঁয়ার ম্যাচটি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের জন্যও ছিল ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। ইরাকের বিপক্ষে জয় পেলে তিনি বিশ্বকাপে কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের (১৬টি) রেকর্ড স্পর্শ করতেন। বর্তমানে এই রেকর্ডটি জার্মানির সাবেক কোচ হেলমুট শ্যোনের দখলে রয়েছে।
বর্তমানে ফিলাডেলফিয়ার আকাশ ঘন কালো মেঘে ঢাকা এবং মুষলধারে বৃষ্টি চলছে। আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত খেলা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই। কারণ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। যদি বজ্রপাত হয়, তাহলে সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করে খেলা আবার শুরু করা হবে। ফিফার পক্ষ থেকে পরবর্তী আপডেট না আসা পর্যন্ত এখন শুধু অপেক্ষার পালা।