নিগারের অপরাজিত ফিফটিতে বাংলাদেশের সাতে সাত

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত করা বাংলাদেশ নারী দল বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল। নেপালের আপার মুলপানিতে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০২ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে বাংলাদেশ ২০ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নিগার সুলতানা খেলেন অপরাজিত ৫০ রানের ইনিংস। 
রান তাড়ায় অবশ্য ভালো শুরু পায়নি বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস মাত্র ৬ রানের মধ্যেই ফিরে যান। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন নিগার। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলে নিগারের সঙ্গে জুটি বাঁধেন সোবহানা মোস্তারি।

নিগার-মোস্তারির এই জুটিই নিশ্চিত করে বাংলাদেশের জয়। চতুর্থ উইকেটে তাদের ৩৭ বলের জুটিতে আসে ৫৭ রান। নিগার ৭টি চার হাঁকিয়ে ৪৪ বলে অপরাজিত ৫০ রান করেন, যা আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে তার দশম ফিফটি। অন্যদিকে মোস্তারি ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

এর আগে নেদারল্যান্ডসের ইনিংসের শুরুতেই আঘাত হানে বাংলাদেশের বোলাররা। মাত্র ২৩ রানের মধ্যে দলটির ৫ উইকেট তুলে নেন নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার। নাহিদা ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট।

শুরুর ধাক্কা সামাল দিতে ষষ্ঠ উইকেটে রবিন রাইকে ও সানিয়া খুরানা ৭৮ রানের জুটি গড়েন। শেষ ওভারে জুটি ভাঙার আগে রাইকি ৩৯ রান করে আউট হন, আর খুরানা অপরাজিত থাকেন ৪৩ রানে। তবে ১০২ রানের সংগ্রহ শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের জন্য যথেষ্ট হয়নি।

২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ৭ ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে। নেদারল্যান্ডস জিতেছে ৫ ম্যাচে। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল পর্বে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সঙ্গে জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ডও।

সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস নারী দল: ২০ ওভারে ১০২/৬ (খুরানা ৪৩*, রাইকি ৩৯ নাহিদা ৩/১০, মারুফা ১/১৪)। 
বাংলাদেশ নারী দল: ১৬.৪ ওভারে ১০৫/৩ (নিগার ৫০*, মোস্তারি ৩৩* সেইগার্স ১/৯)। 
ফল: বাংলাদেশ নারী ক্রিকেট দল ৭ উইকেটে জয়ী। 
প্লেয়ার অব দ্য ম্যাচ: নাহিদা আক্তার।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত