উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি। তবে এমন সময়েই জাতীয় ফুটবল দলের কোচ হারভি রেনার্ডকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ২০২৪ সালের শেষ দিকে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের কোচ হিসেবে ফিরে আসেন রেনার্ড। এর আগে চার বছর আগে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপেও তিনি দলটির দায়িত্বে ছিলেন। সেই বিশ্বকাপের প্রথম ম্যাচেই লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বড় চমক উপহার দেয় সৌদি আরব। সেই হারের ধাক্কা সামলে পরে অবশ্য ওই আসরের শিরোপা উঁচিয়ে ধরেছিল লা আলবিসেলেস্তেরা। শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপিকে রেনার্ড বলেন, ‘এটাই ফুটবল… সৌদি আরব সাতবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, যার মধ্যে দুবার আমার অধীনে। কেবল একজন কোচই আছেন যিনি দলটিকে বাছাইপর্ব ও বিশ্বকাপ, দুই ধাপেই নেতৃত্ব দিয়েছেন–আর সেটা আমি। অন্তত এ নিয়ে আমার গর্ববোধ থাকবে।’ জাম্বিয়া ও আইভরি কোস্টকে নিয়ে দুবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ী রেনার্ড ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সৌদি আরবের দায়িত্বে ছিলেন। পরে তার স্থলাভিষিক্ত হন ইতালীয় কোচ রবার্তো মানচিনি। ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্রান্স নারী দলের কোচ ছিলেন তিনি ২০২৩ নারী বিশ্বকাপ ও ২০২৪ প্যারিস অলিম্পিকে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। মরক্কোর সাবেক কোচ রেনার্ডকে পরে আবারও মানচিনির উত্তরসূরি হিসেবে ফিরিয়ে আনে সৌদি আরব। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রেনার্ডের উত্তরসূরি হিসেবে গ্রিসের জর্জিওস ডোনিসকে বিবেচনা করা হচ্ছে। আলোচনার ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সৌদি ফুটবল ফেডারেশন ও সৌদি ক্লাব আল খালিজের মধ্যে আলোচনা চলছে। ২০২৪ সাল থেকে ডোনিস ওই ক্লাবটির দায়িত্বে রয়েছেন। এবার বিশ্বকাপে সৌদি আরব রয়েছে গ্রুপ এইচ-এ। তাদের সঙ্গে রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, পাশাপাশি প্রথমবার বিশ্বকাপের মঞ্চে আসা কেপ ভার্দে। গ্রুপ পর্বে তাদের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।