লিওনেল মেসিকে ঘিরে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ নতুন কিছু নয়। তাকে বার্সেলোনা থেকে সরাতে একসময় যে অঙ্কের প্রস্তাব দেয়া হয়েছিল, সেটি জানলে চোখ কপালে উঠতে পারে। ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তির দাবি, ২০১২ সালে মেসিকে দলে পেতে তিনি প্রস্তাব দিয়েছিলেন ৫০০ মিলিয়ন ইউরোর। কিন্তু বার্সেলোনা ছাড়ার ব্যাপারে আর্জেন্টাইন তারকার অবস্থান ছিল এতটাই পরিষ্কার যে, সেই প্রস্তাবের চিঠি পর্যন্ত খুলে দেখেননি তিনি।
মোরাত্তির ভাষ্য অনুযায়ী, তিনি মেসির কাছে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু সেই চিঠি খুলে দেখারও প্রয়োজন মনে করেননি মেসি। প্রস্তাবে কী ছিল, সেটিও জানার চেষ্টা না করে সরাসরি তা প্রত্যাখ্যান করেছিলেন আর্জেন্টাইন তারকা।
পরে মেসির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান মোরাত্তি। সেখানেও উত্তর ছিল একই। মেসি জানিয়ে দেন, তিনি বার্সেলোনাতেই নিজের ক্যারিয়ার শেষ করতে চান।
মোরাত্তির কাছে বিষয়টি ছিল অর্থ দিয়ে অসম্ভবকে সম্ভব করার একটি চেষ্টা। তিনি জানতেন, মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক কতটা গভীর। তবু এত বড় অঙ্কের প্রস্তাব হয়তো পরিস্থিতি বদলে দিতে পারে, এমন আশাই করেছিলেন ইন্টারের সাবেক সভাপতি। শেষ পর্যন্ত অবশ্য সেই পরিকল্পনা সফল হয়নি।
মেসির বার্সেলোনা-অধ্যায়ের ব্যাপ্তিও ছিল দীর্ঘ। ২০০৪ সালে মূল দলে অভিষেকের পর কাতালান ক্লাবটির হয়ে একের পর এক রেকর্ড ও শিরোপা জিতেছেন তিনি। তাঁর সময়েই বার্সেলোনা ইউরোপীয় ফুটবলে নিজেদের অন্যতম সফল যুগ পার করেছে।
তবে ২০২১ সালে সেই সম্পর্কের শেষটা হয়েছিল আবেগঘনভাবে। আর্থিক ও চুক্তিগত জটিলতার কারণে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন মেসি। পরে ইন্টার মায়ামিতে পাড়ি জমান তিনি।