এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অ্যাওয়ার্ড নাইটে এবার দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত অনুষ্ঠানে মেম্বার অ্যাসোসিয়েশন রুবি ক্যাটাগরি ও গ্রাসরুট ফুটবল সিলভার ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বাংলাদেশ।
এবার এএফসির দুই ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছিল বাফুফে। গত বছর গ্রাসরুট ফুটবল ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল বাংলাদেশ। এবার এক ধাপ এগিয়ে সিলভার ক্যাটাগরিতে মনোনীত হয় তারা। এই ক্যাটাগরিতে বাংলাদেশের সঙ্গে মনোনয়ন পেয়েছিল গুয়াম ও ভারত। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিলভার ধাপে উন্নীত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই এই স্বীকৃতি পেল বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতকে পেছনে ফেলে পুরস্কার জিতেছে বাফুফে। গত দুই বছরে ফুটবলের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে ফেডারেশন।
মেম্বার অ্যাসোসিয়েশন রুবি ক্যাটাগরিতেও এবার পুরস্কার পেয়েছে বাংলাদেশ। গত বছর এই ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও পুরস্কার জেতা হয়নি বাফুফের। এবার এই বিভাগে বাংলাদেশের সঙ্গে মনোনয়ন পেয়েছিল গতবারের বিজয়ী লাওস ও গুয়াম। শেষ পর্যন্ত ফেডারেশনের সার্বিক কর্মকাণ্ড, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে পুরস্কার জিতেছে বাংলাদেশ। এএফসির অন্যান্য ক্যাটাগরিতে জাপান, ভারত ও থাইল্যান্ড যথাক্রমে প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড পুরস্কার পেয়েছে।
২০১৫ সালে এএফসি অ্যাসপায়ার মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল বাফুফে। এরপর গত বছর দীর্ঘ ১০ বছরের বিরতি ভেঙে এএফসির পুরস্কার জেতে বাংলাদেশ। গতবার প্রথমবারের মতো দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে একটিতে পুরস্কৃত হয়েছিল ফেডারেশন। এবার দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে দুটিতেই পুরস্কার জিতল বাংলাদেশ।
আঞ্চলিক সংস্থার পুরস্কারেও মনোনয়ন পেয়েছিল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। তবে শেষ পর্যন্ত এই পুরস্কার জিততে পারেনি তারা। ফিফার অর্থায়নে আসিয়ান কাপ আয়োজনের স্বীকৃতি হিসেবে সেরা আঞ্চলিক সংস্থার পুরস্কার পেয়েছে আসিয়ান ফুটবল ফেডারেশন।
ব্যাংককের অনুষ্ঠানে বাফুফের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার ও নির্বাহী সদস্য গোলাম গাউস।