গ্রামে ছিল না কোনো খেলার মাঠ। শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগও ছিল সীমিত। সেই অভাব দূর করতে নিজেদের উদ্যোগে অন্যের জমি লিজ নিয়ে প্রায় চার বিঘার একটি খেলার মাঠ গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পুটিমারী গ্রামের বাসিন্দারা। মাঠটির নাম দেওয়া হয়েছে ‘পুটিমারী স্বপ্নচোড়া স্পোর্টস গ্রাউন্ড’। মাঠটি ঘিরে বদলে গেছে গ্রামের বিকেলের চিত্র। এখন বিকেল হলেই ফুটবল-ক্রিকেট নিয়ে মাঠে ছুটে আসে শিশু-কিশোর ও তরুণেরা। তাদের খেলা দেখতে জড়ো হন নানা বয়সী মানুষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিনে পুটিমারী গ্রামে গিয়ে দেখা যায়, চারদিকে দিগন্তজোড়া সবুজ ফসলের মাঠ। গ্রামের মেঠোপথের দুই পাশে ধান, ভুট্টা ও নানা ধরনের সবজির সমারোহ। সবুজে ঘেরা খেলার মাঠে কেউ ফুটবল নিয়ে ছুটছে, কেউ ব্যস্ত অনুশীলনে। গোলবারে বল জড়ানোর প্রতিযোগিতায় মেতেছে একদল কিশোর। মাঠজুড়ে যেন প্রাণের সঞ্চার হয়েছে।

অথচ একসময় গ্রামটিতে খেলাধুলার জন্য নির্দিষ্ট কোনো মাঠ ছিল না। জায়গার অভাবে নিয়মিত খেলার আয়োজনও করা যেত না। ১৯৭১ সালের পর থেকে গ্রামে কোনো খেলার মাঠ ছিল না বলে স্থানীয় বাসিন্দারা জানান। গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ কাঠা জমিতে তরুণেরা খেলাধুলা করতেন। পরে বিদ্যালয়ের ভবন নির্মাণের কারণে সেখানেও খেলার সুযোগ বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় কয়েকজন তরুণ ও যুবক নতুন মাঠ তৈরির উদ্যোগ নেন। সাতজন জমির মালিকের কাছ থেকে এক বছরের চুক্তিতে ১ লাখ ২০ হাজার টাকায় ফসলি জমি লিজ নেন তাঁরা। গ্রামবাসীর আর্থিক ও অন্যান্য সহযোগিতায় সেই জমিতেই তৈরি হয় খেলার মাঠ। প্রায় চার বিঘার মাঠটি এখন গ্রামের শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার কেন্দ্র হয়ে উঠেছে।
জানা গেছে, পুটিমারী গ্রামে অন্তত সাত হাজার মানুষের বসবাস। এখানকার অধিকাংশ পরিবার কৃষিকাজের ওপর নির্ভরশীল। মাঠ তৈরির উদ্যোক্তাদের লক্ষ্য, খেলাধুলার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা। একই সঙ্গে প্রত্যন্ত এই গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করা।

এখন প্রতিদিন বিকেলে মাঠে ফুটবল, ক্রিকেটসহ নানা খেলার আয়োজন হয়। স্থানীয়দের দাবি, খেলা দেখতে ছোট-বড় মিলিয়ে অন্তত ৩০০ মানুষ মাঠে আসেন। মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন গ্রামের বাসিন্দারা।
মাঠ তৈরির উদ্যোগের সঙ্গে যুক্ত পুটিমারী গ্রামের যুবক জাহাঙ্গীর আলম বলেন, ‘স্বাধীনতার পর থেকে এই গ্রামে কোনো খেলার মাঠ ছিল না। পরে গ্রামবাসীর সহযোগিতায় আমরা কয়েকজন তরুণ ও যুবক উদ্যোগ নিয়ে খেলার মাঠ নির্মাণ করেছি। খেলার মাঠ নির্মাণের বাজেটের অর্থ গ্রামবাসী বহন করেছে। এখন প্রতিদিন শিশু, কিশোর, তরুণ ও যুবকেরা এই মাঠে খেলাধুলা করে।’
আরেক উদ্যোক্তা মিজানুর রহমান বলেন, ‘আমাদের প্রত্যাশা, এই মাঠে খেলেই গ্রামের ছেলেরা একদিন জাতীয় পর্যায়ে খেলবে। সেই স্বপ্ন থেকেই আমাদের এ উদ্যোগ। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গ্রামের তরুণ ও যুবকেরা মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকছে। আমরা একটি মাদকমুক্ত গ্রাম গড়ে তুলতে চাই।’
গ্রামের তরুণ জিহাদ হোসেন বলেন, মাঠটি নির্মাণের পর মাদকের সঙ্গে যুক্ত গ্রামের অনেক তরুণ ও যুবক তা থেকে দূরে সরে আসছেন। বিকেল হলেই গ্রামের ছেলেরা খেলাধুলা করতে মাঠে আসেন। তাঁদের খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় করেন গ্রামবাসী। তাঁরাও খেলা উপভোগ করেন। এই দৃশ্য সত্যিই অসাধারণ।
পুটিমারী গ্রামের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, ‘খেলার মাঠটি প্রস্তুত হওয়ার পর গ্রামের ছেলেরা ডানে-বাঁয়ে যাচ্ছে না। তারা সবাই মিলে সুন্দর পরিবেশে খেলাধুলা করছে। এই খেলাধুলার মাধ্যমে তরুণ ও যুবকদের মধ্যে একটা আনন্দ-উল্লাস কাজ করছে। সবাই দিন শেষে খেলার মাঠে হাজির হচ্ছে।’

গ্রামের তরুণদের এই উদ্যোগের প্রশংসা করেছেন চুয়াডাঙ্গার সন্তান ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হক লিটন। তিনি বলেন, ‘তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। একদল তরুণ-যুবক যে উদ্যোগ নিয়ে খেলার মাঠ লিজ নিয়ে নির্মাণ করেছে, এটি সত্যিই প্রশংসা করার মতো বিষয়। ব্যক্তিগতভাবে যেকোনো প্রয়োজনে খেলার মাঠের সঙ্গে আছি। সেই সহযোগিতা অব্যাহত থাকবে।’
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া কর্মকর্তা সেলিম রেজা বলেন, সরকার প্রতিটি ইউনিয়নে সরকারি খাসজমি চিহ্নিত করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে। সরকার চাইলে জেহালা ইউনিয়নের পুটিমারী গ্রামেও মাঠ নির্মাণের উদ্যোগ নিতে পারে। এ ছাড়া পুটিমারীর মাঠের জন্য ক্রীড়াসামগ্রীসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।
আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন, ‘ফুটবলসহ অন্যান্য খেলাধুলার জন্য তরুণ ও যুবকদের মাঠে নিয়ে আসতে হবে। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা থাকবে তাদের এই খেলার মাঠের জন্য।’
প্রায় চার বিঘার এই মাঠ এখন শুধু খেলাধুলার জায়গা নয়, পুটিমারী গ্রামের মানুষের সম্মিলিত উদ্যোগ ও স্বপ্নের প্রতীক। তবে এক বছরের লিজের মেয়াদ শেষে মাঠটির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে স্থায়ী সমাধানের প্রত্যাশা রয়েছে গ্রামবাসীর। তাঁদের চাওয়া, সরকারি উদ্যোগে জমি বরাদ্দ বা স্থায়ী মাঠ নির্মাণের ব্যবস্থা হলে এই উদ্যোগ আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তথ্যসূত্র : বাংলা স্ট্রিম