প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারার ঘটনায় লিওনেল মেসিকে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কুর্তোয়া। শনিবার এমএলএস কাপের প্লে-অফে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বাস।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে মেসির মেজাজ হারানোর ঘটনা ঘটে। তখন ১০ জনের দল নিয়ে ১-০ গোলে পিছিয়ে ছিল মায়ামি। এ সময় কলম্বাস ক্রুর ফরোয়ার্ড গনসালো তাপিয়ার মুখ লক্ষ্য করে জোরে বল ছুড়ে মারেন আর্জেন্টাইন মহাতারকা।
ঘটনার পর রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে ম্যাচ শেষে কুর্তোয়া মনে করেন, মেসির শাস্তি আরও কঠোর হওয়া উচিত ছিল।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে কলম্বাস কোচ বলেন, ‘সবাই জানে, হলুদ কার্ডের চেয়েও বেশি কিছু প্রাপ্য ছিল তার। বিষয়টি সত্যিই দুঃখজনক।’
তবে মেসিকে শুধু হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন রেফারি চ্যাপম্যান। সাংবাদিকদের তিনি বলেন, ‘ব্যবহৃত শক্তির মাত্রা ছিল নগণ্য এবং ঘটনাটি সহিংস আচরণ হিসেবে গণ্য হওয়ার পর্যায়ে পৌঁছায়নি।’
ঘটনার সময় ইন্টার মায়ামি আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল। এরই মধ্যে চিলির জাতীয় দলের খেলোয়াড় তাপিয়ার পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বাস।
দ্বিতীয়ার্ধের শুরুতে তাহা হাবরুনের গোলে ব্যবধান দ্বিগুণ করে কলম্বাস। পরে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তাপিয়া। শেষ পর্যন্ত নিজেদের মাঠে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন মায়ামি।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সপ্তম বাছাই কলম্বাস। আগামী শুক্রবার ওহাইওতে দ্বিতীয় ম্যাচে জিততে পারলে ২০২৩ সালের চ্যাম্পিয়নরা প্লে-অফ থেকে মেসি ও মায়ামিকে বিদায় করে দিতে পারবে।
ম্যাচ শেষে মায়ামির কোচ কিলি গনসালেস বলেন, ‘এমন একটি ম্যাচ ছিল, যেখানে আমাদের পক্ষে কিছুই ঠিকমতো হয়নি। কার্যত আমরা নিজেরাই তাদের গোলের সুযোগ তৈরি করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা যে দারুণ পারফরম্যান্সের আশা করেছিলাম, তা দেখাতে পারিনি। সবকিছুই ভুল হয়েছে। তবে এ অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ, পরের ম্যাচে জিততে না পারলে আমরা বিদায় নেব।’
‘দল হিসেবে এর চেয়ে ভালো চ্যালেঞ্জ আর হতে পারে না। এটি আমাদের মানসিক দৃঢ়তার পরীক্ষা। আমি জানি, আমার দলের সেই দৃঢ়তা আছে।’