তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেই কৌতূহল কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়। সমালোচনা থেকে শুরু করে কটাক্ষ, এমনকি পরিবারের সদস্যদেরও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। সম্প্রতি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।
স্বামী ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়েছিলেন রাশমিকা। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে তাঁদের উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। তবে প্রশংসার পাশাপাশি নেতিবাচক প্রতিক্রিয়া ও ট্রলিংয়েরও মুখে পড়েন এই তারকা দম্পতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনলাইনে তাঁদের ঘিরে ছড়ানো নানা বক্তব্য ও হয়রানির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও করেন তাঁরা।
.সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘প্রেমা: দ্য জার্নালিস্ট’-এর সঙ্গে এক আলাপচারিতায় এ বিষয়ে মুখ খুলেছেন রাশমিকা। জানিয়েছেন, আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের জবাব দিতেন। কিন্তু এখন আর সেই পথে হাঁটেন না। কারণ, তাঁর উপলব্ধি হয়েছে, ট্রলের সঙ্গে তর্কে জড়ানো সময়ের অপচয় ছাড়া কিছু নয়।
রাশমিকার ভাষায়, একটা সময় পর্যন্ত তিনি এসব মন্তব্যের জবাব দিতেন। পরে বুঝেছেন, এতে কোনো লাভ হয় না। বরং নীরব থাকাই ভালো। এখনো কখনো কখনো পাল্টা জবাব দিতে ইচ্ছা করে, কিন্তু নিজেকে সামলে নেন। তাঁর মতে, সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই।
‘পরিবারকে নিয়ে কথা বললে যোদ্ধার মতো জবাব দেব’
রাশমিকা বলেন, নিজের ব্যক্তিত্ব, অভিনয়, সিনেমা কিংবা কাজের ধরন নিয়ে সমালোচনা হলে তা মেনে নিতে তাঁর আপত্তি নেই। একজন অভিনেত্রী হিসেবে এসব সমালোচনাকে পেশারই অংশ মনে করেন তিনি। মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকেও সম্মান করেন। কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নিতে পারেন না।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কেউ আমার পরিবারকে নিয়ে কথা বললে আমি সেটা পছন্দ করি না। তখন আমি পুরোপুরি যোদ্ধার ভূমিকায় চলে যাব। আমার আগামী সিনেমা “মাইসা”র চরিত্রের মতো হয়ে উঠব।’
কেন পরিবারের বিষয়ে এতটা স্পর্শকাতর রাশমিকা? অভিনেত্রীর ব্যাখ্যা, তাঁর পরিবারের সদস্যরা কেউই বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। তাঁরা এই পেশা বেছে নেননি, জনপরিচিত মানুষও নন। ফলে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার বা তাঁদের ভাবমূর্তি নষ্ট করার অধিকার কারও নেই।
রাশমিকার কথায়, ‘আমার পরিবার কিংবা বন্ধুদের এভাবে আক্রমণ করার কোনো কারণ নেই। তাঁরা এর যোগ্য নন। আমি আর বিজয় হয়তো তারকা হিসেবে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি। কিন্তু আমাদের পরিবারের মানুষদের কেন এসবের মধ্যে টেনে আনা হবে?’
.‘স্বামীকে ভালোবাসি, তাতে সমস্যা কোথায়?’ কাদের ওপর চটলেন রাশমিকা.যে কারণে বিতর্কে জড়ালেন রাশমিকা-বিজয়
‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে করণ জোহরের সঙ্গে কথোপকথনে নিজেদের সম্পর্কের নানা ব্যক্তিগত মুহূর্ত তুলে ধরেছিলেন রাশমিকা ও বিজয়। অনুষ্ঠানে রাশমিকা জানিয়েছিলেন, একসময় তিনি বিজয়কে প্রতিদিন বিয়ের প্রস্তাব দিতেন। এমনকি টানা এক বছর তাঁকে বিয়ের কথা বলেছিলেন।
রাশমিকার এই স্বীকারোক্তি এবং বিজয়ের প্রতিক্রিয়া নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ তাঁদের খোলামেলা কথাবার্তার প্রশংসা করেন, আবার কেউ বিজয়ের আচরণ ও সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে বিজয়ের কিছু মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও আখ্যা দেন অনেকে।
বিতর্ক বাড়তে থাকলে বিজয় ও রাশমিকার পক্ষ থেকে হায়দরাবাদের সাইবার অপরাধ দমন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়। অভিযোগে ভুয়া তথ্য প্রচার, সম্পাদিত স্ক্রিনশট, পরিচয় নকল করে প্রতারণা এবং পরিকল্পিত অনলাইন হয়রানির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে