চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের ত্রাণসামগ্রীর মজুত এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন। পাশাপাশি বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বাহিনীর কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ, সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন এবং দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও তদারকি করবেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।
এ ছাড়া বন্যা পরিস্থিতি এবং গৃহীত কার্যক্রম সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নিয়মিতভাবে সরকারকে অবহিত করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শু/আজা