বড় কোনো সংঘাত আর সংঘর্ষ ছাড়াই ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে চলছে এখন ভোট গণনা। ভোটের শেষ সময় বিকাল সাড়ে ৪টায় ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কাউকে আর ঢুকতে দেওয়া হয়নি। তবে লাইনে যারা ছিলেন তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে একটানা ভোট চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ২৯৯ আসনে সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোট হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশের মতো ভোট পড়েছে। সারাদেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই হিসাব করা হয়েছে।
এর ভিত্তিতে ৫৫ থেকে ৬০ শতাংশের মত ভোট পড়তে পারে বলে অনুমান করছেন কর্মকর্তারা।
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিকাল ৫টায় গিয়ে দেখা যায়, সেখানে চৌহদ্দিতে কোনো ভোটার নেই। যারা ছিলেন তারা সবাই ভোট দিয়ে বের হয়ে গেছেন। এখন ভোট গণনার প্রস্তুতি হিসেবে প্রতি প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট রেখে বাকিদের বের করে দেওয়া হচ্ছে।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে নির্বাচন চলাকালীন সময়ে দেশজুড়ে অসুস্থ হয়ে ছয়জনের মারা যাওয়ার খবর এসেছে।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দেড় বছরের মাথায় আয়োজিত এ ভোটে সকাল থেকে উৎসাহের সঙ্গে ভোট দিতে আসতে দেখা যায় ভোটারদের। শহর ও গ্রামের ভোটকেন্দ্রগুলোর বেশির ভাগ এলাকায় ছিল উৎসবের আমেজ।
সকালে সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগে অনেক কেন্দ্রে যেমন লাইন দেখা যায়, তেমনি অনেক স্থানে শুরুর দিকে ভোটারদের চাপ ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে বিভিন্ন কেন্দ্রে। অনেক স্থানে দুপুরে ফাঁকা থাকার পর বিকালের দিকে আবার ভোটার বাড়তে দেখা যায়। আবার অনেক কেন্দ্রে বিকালে ছিল ফাঁকা।
এবার সংসদ নির্বাচনের সঙ্গে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চতুর্থবারের মত গণভোট দেন ভোটাররা।
ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনার পালা। একই বাক্সে দুই ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা। সেগুলো আলাদা করে একই সঙ্গে গণনা করা হবে। পরে এর ফল কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।
মুক্তির দিন: প্রধান উপদেষ্টা
এবারের ভোটের দিনটিকে ‘মুক্তির দিন’ হিসেবে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “খুব ভালো লাগল। এটা আমার জীবনে মহানন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন। মুক্তির দিন।”
কাছাকাছি সময়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে’।
সাংবাদিকদের তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আজকে গণতান্ত্রায়নের ট্রেনে উঠে গেছি ইনশাল্লাহ। আমি ওয়াদা করেছিলাম, ফেস্টিভ মোডে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দিব।
“আপনার দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মত ঈদুল ফিতর বা ঈদুল আযহার মত মানুষ ট্রেনে বাসে, লঞ্চে, গ্রামেগঞ্জে চলে গেছে। আমি আমার নিজের গ্রামে এবং বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে।”
দেশজুড়ে ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বিএনপির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ভোটের মাঝামাঝি সময়ে দুপুর দেড়টার দিকে দেশ পরিচালনার বিষয়েও কথা বলেন তিনি। বলেন, আন্দোলনের সময়কার সঙ্গীদের পাশাপাশি ‘কম-বেশি’ আরও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা দেশ পরিচালনা করতে চান।
রাজধানীর বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই কম-বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে।”
এক সময়ের জোট সঙ্গী জামায়াতে ইসলামী এবার বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।
ভোট দেওয়ার পর জামায়াতের আমির শফিকুর রহমান ভোটের অধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনার দিন, সেই দোয়া করি।”
আর অভ্যুত্থানের পর গঠিত তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আজকে এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন। ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে।”
ফলাফলের আগে ভোটের পরিবেশ কেমন তা নিয়ে কথা বলার সুযোগ নেই মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (বরিশাল-৫ আসনের প্রার্থী) বলেন, “এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে অস্বাভাবিক কিছু মনে হয়নি। তবে আমি বারবার বলেছি, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট ভালো হয়েছে, নাকি খারাপ হয়েছে আমি তা বলতে চাই না।
“অনেক সময়ই দেখা যায় বাইরে পরিবেশ ভালো দেখা গেলেও ভিতরে অন্যকিছু ঘটে। অনেক সময় ভালো দেখা গেলেও ফলাফল ভিন্ন খাতে চলে যায়।”
ভোটে থাকা আরেক দল জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তার দল নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে।
“যদি নির্বাচনে অনিয়মের কোনো আলামত পরিপূর্ণভাবে আমরা পাই তাহলে সেটা নিয়ে দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব। যদি দেখি ভোট সুষ্ঠু হচ্ছে না তখন আমরা দলীয় ফোরাম থেকে সিদ্ধান্ত নেব।“
শামীম পাটোয়ারী গাইবান্ধা-১ আসন থেকে লাঙ্গল প্রতীকে লড়াই করছেন।
অভিযোগ, বিশৃঙ্খলা
দেশজুড়ে মোটাদাগে শান্তিপূর্ণ নির্বাচন হলেও বেশ কিছু আসনের প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলেছেন।
মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জে বোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। মেহেরপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ছোট-খাটো সংঘর্ষ ও বিশৃঙ্খলা এবং জাল ভোট দেওয়ার খবর এসেছে।
নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকার সঙ্গে কয়েকটি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকায় ‘অমিল’ থাকার অভিযোগ করেছেন ঢাকা ১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।
এদিকে রাজধানীতে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ঢাকা-৮ আসনের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিয়ে আসে।
এর আগে তিনি অভিযোগ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাস ‘ক্ষমতা দেখিয়ে’ তিন ঘণ্টা তার পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি।
পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও এনসিসিপির সাবেক নেতা তাসনিম জারা।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, আর নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া এক হাজার ২৩২ জন হিজড়া ভোটার তালিকাভূক্ত হয়েছিলেন।
এবার প্রথমবারের মতো প্রবাসে ও দেশে আইটি সাপোর্টেড যে পোস্টাল ভোটিং চালু করা হয়েছে, তার সোয়া ১১ লাখ ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।
ইসি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত সাড়ে ১১ লাখ ২৫ হাজার ৩৮২টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এর মধ্যে বিদেশ থেকে এসেছে ৪ লাখ ৮৮ হাজার ২৮১ ভোট। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে ছয় লাখ ৩৭ হাজার ১০১ ব্যালট।
এবার প্রবাসে ও দেশের ভেতরে প্রায় ১৫ লাখ ২৮ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে অনুমোদন পান।
কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণার পাশাপাশি রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন। এরপর নির্বাচন ভবনের ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে।