মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা–সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ বসবাস করেন। তাই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
তিনি বলেন, মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে সিনিয়র কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানোর পাশাপাশি যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে। এতে নিচের স্তরের পুলিশ সদস্যরা আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করবেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে এবং জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তবে ইচ্ছাকৃত ভুল কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করা হলে তার দায় পুলিশ বাহিনী নেবে না। এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, দল-মত নির্বিশেষে পুলিশের পরিচয় একটাই—পুলিশ আইন ও জনগণের সেবক।
তিনি মাদকের বিরুদ্ধে পুলিশের ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত রাখার কথা জানান। পাশাপাশি বর্তমানে প্রচলিত অপরাধের তুলনায় সাইবার অপরাধ, গুজব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভুল তথ্য মোকাবিলাকে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
পুলিশকে অকার্যকর করার ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান আইজিপি।
সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শু/আজা