ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ, উত্তরে আদীব

আজাদ প্রতিবেদন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আরিফুল ইসলাম আদীব ছবি:
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আরিফুল ইসলাম আদীব ছবি:

 

ঢাকার দুই সিটি করপোরেশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র পদে লড়বেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদ এবং উত্তর সিটি কর্পোরেশনে আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন বলে এনসিপি সূত্রে জানা গেছে। সূত্রে জানা যায়, প্রাথমিক বাছাইয়ে এই দুইজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে।

আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি থেকে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ। 

অন্যদিকে, নিজের প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করে আরিফুল ইসলাম আদীব বলেন, ‘দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি কর্পোরেশনে আমি এবং আসিফ মাহমুদ প্রাথমিক আলোচনায় আছি। চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।’

 

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, সিটি নির্বাচনসহ যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালীন সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। সুতরাং দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই অংশগ্রহণ করা যাবে স্থানীয় সরকার নির্বাচনে।

তিনি আরও লিখেছেন, এ বিষয়ে আজকে ইসির বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতেই এই সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। ইসিকে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইনগুলো ভালোভাবে অধ্যয়ন পূর্বক মন্তব্য করার অনুরোধ থাকবে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা এখন নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর। যেহেতু বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই দলীয় প্রতীকের বিধান থাকা বা না থাকার বিষয়টি মূলত দলটির ওপরই নির্ভর করছে।’

এলাকার খবর

সম্পর্কিত