সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
রোববার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে।”
তিনি বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মশালা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; কর্মসূচির সুফল জনগণের কাছে পৌঁছাতে হবে।
দেশে সঠিক নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। তাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার প্রয়োজন রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের নিয়মের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা না করারও নির্দেশনা দেন।
শু/আজা