ষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছেন। এখন তিনি সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি রাগ বা অনুরাগ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রেখে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।
বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখারও নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জনগণের অর্থেই সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের সঠিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা, নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনের ওপরও গুরুত্ব দেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি দেশ ও রাষ্ট্রগঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এখানে একটা পরিবার। সবাই একই জায়গায় কাজ করি।’ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শু/আজা