তুরস্কের আনতালিয়ায় ৯-২০ নভেম্বর কপ৩১ সম্মেলন

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধান দাবি অনুদান ও অভিযোজন তহবিল

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন, অভিযোজন তহবিল তিন গুণ বৃদ্ধি, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদান এবং প্রযুক্তি হস্তান্তর—এসব দাবিকে সামনে রেখে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশ নিচ্ছে বাংলাদেশ। জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করাই এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। তবে আগের সম্মেলনগুলোতে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে হতাশা থাকায় এবার শুধু নতুন ঘোষণা নয়, অর্থায়ন ও বাস্তবায়নে সুনির্দিষ্ট অগ্রগতি চায় বাংলাদেশ।

তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে কপ৩১। সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞদেরও সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী জানান, অভিযোজন তহবিল তিন গুণ বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।

প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে নজর

জলবায়ু সম্মেলনের আলোচনায় প্রতিবছরই কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষের সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। নতুন নতুন প্রতিশ্রুতিও আসে। কিন্তু এসব প্রতিশ্রুতির কতটা বাস্তবায়িত হয়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। ফলে এবারের সম্মেলনে অর্থায়নের প্রতিশ্রুতির পাশাপাশি অর্থ ছাড়, প্রকল্প বাস্তবায়ন এবং তহবিল ব্যবহারের কার্যকারিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জলবায়ু বিজ্ঞানী ড. আতিক রহমানের মতে, কপ সম্মেলনে প্রতিটি দেশই একটি পক্ষ বা পার্টি। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) নেতৃত্বে বাংলাদেশ আগে সক্রিয় ভূমিকা পালন করেছে। এখন এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকলেও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ এবং আলোচনার সূচিতে তাদের দাবিগুলো তুলে ধরার দায়িত্ব রয়েছে বাংলাদেশের। তিনি বলেন, সম্মেলনে আলোচনা ও দরকষাকষির সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, বাস্তবায়নের পর্যায়ে সেগুলোর অনেক ক্ষেত্রেই পরিবর্তন ঘটে। তাই শুধু আলোচনার টেবিলে দাবি তুলে ধরলেই হবে না, সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়াতেও নজর রাখতে হবে।

জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতের মতে, এবারের সম্মেলন মূলত আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যালোচনার জন্য গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, রাজনৈতিক ও প্রক্রিয়াগত অনেক সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নে ঘাটতি থেকে যায়। জলবায়ু অর্থায়নের জন্য তহবিল বা প্রক্রিয়া তৈরি হলেই যথেষ্ট নয়; মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে অর্থায়নের বাস্তব কার্যকারিতা যাচাই করতে হবে।

আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। বিভিন্ন দেশে ঘূর্ণিঝড়সহ চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। বাংলাদেশেও এ ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি প্রয়োজন। কাগজে-কলমে পরিকল্পনা থাকলেও সেগুলোর বাস্তবায়ন তুলনামূলকভাবে কম। তাই সব উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করার ওপর জোর দিতে হবে।

অভিযোজন তহবিল তিন গুণ করার দাবি

কপ৩১-এ বাংলাদেশের অন্যতম প্রধান দাবি জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন বাড়ানো। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী বলেন, সম্মেলনের আগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এলডিসি বৈঠকে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর, ক্ষয়ক্ষতি এবং অভিযোজন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এসব বিষয়ে তহবিল বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, অভিযোজন তহবিল তিন গুণ করার পাশাপাশি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলও বাড়াতে চায় বাংলাদেশ। বৈশ্বিক অভিযোজন লক্ষ্য (গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন—জিজিএ) বাস্তবায়ন এবং জলবায়ু সহনশীলতা অর্জনে প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে। পাশাপাশি ২০২৮ সালের গ্লোবাল স্টকটেক নিয়ে প্রস্তুতি ও আলোচনা গুরুত্ব পাবে।

২০১৫ সালের প্যারিস চুক্তির সপ্তম অনুচ্ছেদের আওতায় বৈশ্বিক অভিযোজন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য।

মির্জা শওকত আলী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থানকে শুধু একটি দেশের লাভ-ক্ষতির হিসাব দিয়ে বিচার করা যায় না। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ বা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে পারলে তা পুরো পৃথিবীর পাশাপাশি বাংলাদেশের জন্যও বড় অর্জন হবে।

তবে বাংলাদেশের মূল উদ্বেগ জলবায়ু সহনশীলতা অর্জনে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা। তাঁর ভাষ্য, সরকার নিজস্ব বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রতিবছর জলবায়ু-সম্পর্কিত খাতে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়। জাতীয় পর্যায়ের প্রস্তুতি ও সক্ষমতার দিক থেকে বাংলাদেশ এলডিসি এবং অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় ভালো অবস্থানে থাকলেও আন্তর্জাতিক তহবিলের প্রয়োজন রয়েছে।

ক্ষয়ক্ষতির অর্থায়ন ও অনুদান সহজ করার দাবি

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তবে এ ক্ষতির বিপরীতে কত অর্থ দাবি করা হবে, তা কপ সম্মেলনে সরাসরি নির্ধারিত হয় না বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, সম্মেলনে দেশগুলো বিভিন্ন জোটের মাধ্যমে নীতিগত অবস্থান ও দাবি তুলে ধরে।

গত ২৪ অক্টোবর এক অনুষ্ঠানে জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বাস্তব প্রাপ্তির ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট তহবিল থেকে অর্থপ্রাপ্তি সহজ করা, বিশেষ করে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করা, কৃষি ও পানির নিরাপত্তায় প্রযুক্তিগত সহায়তা এবং প্রকল্প গ্রহণে কারিগরি সহযোগিতা চেয়েছেন তিনি।

পরিবেশমন্ত্রীও বলেছেন, অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানো প্রয়োজন। জলবায়ু তহবিলে আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া সহজ করার দাবিও জানাবে বাংলাদেশ। ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে প্রয়োজন অনুযায়ী বেশি অর্থ পায়, সে বিষয়ে সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

এদিকে ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনে নিউ কালেক্টিভ কোয়ান্টিফায়েড গোলের (এনসিকিউজি) অধীনে ২০৩৫ সাল নাগাদ বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। বাংলাদেশের দাবি, এই অর্থায়নের মধ্যে অভিযোজন ও জলবায়ু সহনশীলতা খাতে উল্লেখযোগ্য বরাদ্দ নিশ্চিত করতে হবে। শুধু তহবিলের পরিমাণ ঘোষণা নয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে অর্থ পৌঁছানোর কার্যকর ব্যবস্থাও প্রয়োজন।

জাতীয় অভিযোজন পরিকল্পনায় অর্থায়নের ঘাটতি

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তুলতে বাংলাদেশ ২০২২ সালে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) প্রণয়ন করে। তবে পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থায়ন প্রত্যাশার তুলনায় কম বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী। তিনি বলেন, ২৭টি এলডিসি দেশের মধ্যে বাংলাদেশও জাতীয় অভিযোজন পরিকল্পনা জমা দিয়েছে। নিজস্ব অর্থায়নে এর বাস্তবায়ন শুরু হলেও প্রয়োজনের তুলনায় তহবিল যথেষ্ট নয়। এ কারণে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানোর দাবি জানানো হচ্ছে।

বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক একেএম সাইফুল ইসলাম মনে করেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, বৈশ্বিক যুদ্ধবিগ্রহ এবং তেলসমৃদ্ধ দেশগুলোর অবস্থানের কারণে জলবায়ু অর্থায়ন ও কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাঁর মতে, এবারের সম্মেলনে উপকূলীয় অভিযোজন ও জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থায়ন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির জন্য সরাসরি অনুদান ও প্রযুক্তিগত সহায়তা, ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার এবং দীর্ঘমেয়াদে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, জ্বালানি খাতের পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বিকল্প জীবিকা ও সামাজিক নিরাপত্তা এবং কার্বন ক্রেডিটের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

আলোচনায় জোটের ভূমিকা, দ্বিপক্ষীয় বৈঠকেও গুরুত্ব

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত এবং জলবায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে। তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বাংলাদেশের প্রতিনিধিদল। সম্মেলন থেকে অর্থায়ন ও বাস্তবায়ন সহায়তায় সুনির্দিষ্ট অগ্রগতি অর্জনই বাংলাদেশের প্রত্যাশা, যাতে জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত করা যায়।

তবে অধ্যাপক আইনুন নিশাতের মতে, কপ সম্মেলনে কোনো একটি দেশের সমস্যা আলাদাভাবে সমাধানের সুযোগ সীমিত। রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন দেশের জোটের মাধ্যমে দাবি তুলে ধরতে হয়। সম্মেলনের মূল নীতিগত আলোচনা ও দরকষাকষি হয় রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের অংশগ্রহণে। নাগরিক সমাজ, এনজিও ও অন্যান্য সংগঠনও বিভিন্ন দাবি তুলে ধরে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রাষ্ট্রীয় প্রতিনিধিদের ভূমিকাই মুখ্য। তাঁর মতে, সম্মেলনের বাইরে দ্বিপক্ষীয় বৈঠকও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের সরকারপ্রধান কিংবা আন্তর্জাতিক পরিবেশ তহবিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অর্থায়নের প্রয়োজন এবং প্রকল্প বাস্তবায়নের বাধাগুলো তুলে ধরার সুযোগ রয়েছে।

বাংলাদেশ প্যাভিলিয়নে তুলে ধরা হবে ঝুঁকি ও অভিজ্ঞতা

কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ সরকার ১০০ বর্গমিটার আয়তনের একটি প্যাভিলিয়ন স্থাপন করছে। সেখানে দেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজনের অভিজ্ঞতা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০), জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে একটি পাট প্যাভিলিয়ন।

সাইমুম পারভেজ জানান, প্যাভিলিয়নটি অভিজ্ঞতা বিনিময়, নীতি সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কাজে ব্যবহার করা হবে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা ও প্রস্তুতি থাকলেও অর্থায়নের ঘাটতি বড় বাধা। তাই কপ৩১-এ শুধু নতুন প্রতিশ্রুতি আদায় নয়, আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন, অনুদানভিত্তিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং অভিযোজন প্রকল্পে অর্থ ছাড়ের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মেলনের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে এসব দাবি কতটা বাস্তব সিদ্ধান্তে রূপ নেয় এবং সেই সিদ্ধান্তের সুফল ঝুঁকিতে থাকা মানুষের কাছে কতটা পৌঁছায়, তার ওপর।

১

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই, যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর

২

আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা

৩

স্মার্টফোনে যে ১০ প্রযুক্তি বদলে দিচ্ছে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা

৪

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

৫

বগুড়া কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের পদে চাকরি, পদ ৩৬

৬

মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের

৭

মায়ের একটি কথা সারা জীবন মেনেছেন সোহেল খান

৮

১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের

৯

সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা

১০

‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল

১১

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল

১২

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

১৩

প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান

১৪

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে

১৫

নিলামে উঠছে জিলি কুপারের প্রিয় টাইপরাইটার: দাম উঠতে পারে ১৩ লাখ টাকা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }