মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ আয়োজন। সেখানে সামিরা খান মাহিকে বিজয়ী ঘোষণা করে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্ত করা হয়। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজয়ী হিসেবে মাহির নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাঁদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

এদিন মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন। এর কাঁধের নকশা ছিল পাখার মতো।
আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মাহি। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনে প্রথমবার এমন একটি সুযোগ পেয়েছেন, যেখানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরতে পারবেন। দেশের সংস্কৃতি ও মানুষকে বিশ্বমঞ্চে পরিচিত করাতে চান তিনি। অভিনয়শিল্পী হিসেবে দেশের মানুষের সমর্থন পেলেও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা তাঁর নেই। তাই নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা নার্ভাসও তিনি। তাৎক্ষনিক অনুভূতিতে মাহি জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে মাত্র পাঁচ দিন আগে। ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি। তাঁর ভাষায়, একটি দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা সহজ কাজ নয়; এর জন্য যথেষ্ট প্রস্তুতি ও দায়িত্ববোধ প্রয়োজন। মাহি বলেন, তাঁর বাবা-মা তাঁকে বিশ্ব জয় করে ফিরে আসতে বলেছেন। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চান। তাঁর বিশ্বাস, তিনি বিজয়ী হলে সেই জয় হবে বাংলাদেশের।

তবে অল্প সময়ের প্রস্তুতিতে বড় সহায়তা পাচ্ছেন গত আসরের বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলার কাছ থেকে। মাহির কাছে মিথিলা বড় বোন ও বন্ধুর মতো। পোশাক, কস্টিউম, স্টাইলিং ও অন্যান্য প্রস্তুতির বিষয়ে তিনি সার্বক্ষণিক সহযোগিতা করছেন। মাহি বলেন, আগের আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকায় মিথিলা তাঁকে বিভিন্ন কৌশল ও প্রস্তুতির বিষয়ে ধারণা দিচ্ছেন। গত পাঁচ দিন ধরে তিনি পাশে থেকে সবকিছু দেখভাল করছেন। মিথিলাকে নিজের সবচেয়ে বড় সহায়তাকারী হিসেবে উল্লেখ করে মাহি বলেন, এই আয়োজনের অভিজ্ঞতা না থাকলেও তাঁর কাছ থেকে পাওয়া পরামর্শ সারা জীবনের সম্পদ হয়ে থাকবে।
মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের ইতিহাস খুব দীর্ঘ নয়। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন। তাঁদের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক আসরে যাচ্ছেন সামিরা খান মাহি।
গত বছর ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেছিলেন তিনি। ফলে এবারের আসরে মিথিলার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা তৈরি হয়েছে মাহিকে ঘিরে।
জাতীয় পর্যায়ের মুকুট জয়ের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, সৌন্দর্য ও আত্মপরিচয় তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন মাহি। সময় স্বল্প হলেও মিথিলার অভিজ্ঞতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে ভালো করার প্রত্যাশা তাঁর।