স্মৃতির পাতায় জমা থাকুক কক্সবাজারের নীল জলরাশি আর বন্ধুত্বের সোনালি মুহূর্ত—এই প্রত্যাশা নিয়ে সরকারি তিতুমীর কলেজের কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ (আরশীনগর) আয়োজন করে কক্সবাজার ভ্রমণের।
যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে কিছু সময়ের জন্য পেছনে ফেলে জেলার শিক্ষার্থীরা ২৫ জুলাই ট্রেনে করে যাত্রা শুরু করেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। ট্রেনভ্রমণের পুরো সময়জুড়ে গান, গল্প ও আড্ডায় মুখর ছিল পরিবেশ।
ভ্রমণে অংশগ্রহণকারীরা কক্সবাজার সমুদ্রসৈকত, ইনানী বিচ, সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। পাশাপাশি সমুদ্রসৈকতে ফটোগ্রাফি, সন্ধ্যার আড্ডা, বিনোদন, সুস্বাদু খাবার এবং আরামদায়ক এসি হোটেলে অবস্থানের মধ্য দিয়ে উপভোগ করেন আনন্দঘন সময়।
কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি রাজীব হোসেন নীরব বলেন, “এই ভ্রমণ শুধু একটি ট্যুর নয়, বরং কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্যদের পারস্পরিক বন্ধন, আন্তরিকতা ও সৌহার্দ্য আরও দৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ। নতুন বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও অসংখ্য সুন্দর স্মৃতি নিয়েই আমরা এই আয়োজন সম্পন্ন করেছি। যারা আমাদের সঙ্গে অংশ নিয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি মানসিক প্রশান্তি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেই এ ভ্রমণের আয়োজন করা হয়।
শু/আজা