রংপুর মহানগরীর তাজহাট আনছারির মোড় এলাকায় অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান (৬৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ দুলাল মিয়া (৪৫), মোছাঃ ফিরোজা বেগম (৫৫) ও মোঃ রেজাউল ইসলাম (৫৫)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাতে পৃথক অভিযানে রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকা থেকে দুলাল মিয়াকে এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে ফিরোজা বেগম ও রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার রাতে তাজহাট আনছারির মোড় এলাকায় দুর্বৃত্তরা আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাজহাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় দুই বছর আগে ফিরোজা বেগমের স্বামী মারা যান। অন্যদিকে দুলাল মিয়া নিহত আব্দুর রহমানের গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। পরে দুলাল মিয়ার মধ্যস্থতায় আব্দুর রহমান ও ফিরোজা বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক দিনের মধ্যে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
র্যাবের দাবি, ওই বিরোধের জের ধরে দুলাল মিয়া, ফিরোজা বেগম ও রেজাউল ইসলাম পরস্পর যোগসাজশে আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৩। একই সঙ্গে হত্যা, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে।
শু/আজা