যথাযোগ্য মর্যাদা, অদম্য উৎসাহ ও সুশৃঙ্খল পরিবেশে জাতীয় সংগীত, কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সরকারি তিতুমীর কলেজ কন্টিনজেন্টের উদ্যোগে ক্যাডেট নবীন বরণ, র্যাঙ্ক ব্যাজ পরিধান এবং প্রাক্তন সিইউও (CUO) ও ক্যাডেটদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৪ আগস্ট ২০২৬) কলেজের ১ম বিজ্ঞান ভবনের ১৩১৪ নম্বর কক্ষে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজ কন্টিনজেন্টের নতুন তিন জন ক্যাডেট সার্জেন্ট দের কে পদোন্নতি দিয়ে 'ক্যাডেট আন্ডার অফিসার' (সিইউও) র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত তিন জন নতুন ক্যাডেট আন্ডার অফিসার হলেন— ২২-২৩ সেশনের ইংরেজি বিভাগের মুজাহিদ তালুকদার ,২১-২২ সেশনের ইংরেজি বিভাগের আসিফ বিন মোস্তফা এবং ২২-২৩ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের সাজেদুল ইসলাম মারুফ ভূঁইয়া।
উক্ত অনুষ্ঠানে তিতুমীর কলেজ বিএনসিসি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) প্রফেসর ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং ক্যাডেট লেন্স কর্পোরাল পলাশ ও ক্যাডেট কর্পোরাল রায়হানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর ডা. ছদরুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলেয়া আক্তার এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম. এম. আতিকুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে তিতুমীর কলেজ কন্টিনজেন্টের সকল নবীন ও প্রাক্তন ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে প্রফেসর আন্ডার অফিসার ফাতেমা বেগম বলেন ,বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কেবল একটি সংগঠন নয়, এটি দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব গড়ার এক অনবদ্য পাঠশালা। আজকের দিনটি আমাদের তিতুমীর কলেজ কন্টিনজেন্টের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। একদিকে আমরা আমাদের নবীন ক্যাডেটদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি, অন্যদিকে পদোন্নতিপ্রাপ্ত নতুন ক্যাডেট আন্ডার অফিসারদের (CUO) কাধে তুলে দিচ্ছি নেতৃত্বের বড় দায়িত্ব। এছাড়াও বিদায়ী ক্যাডেট দের উদ্দেশ্যে বলেন কন্টিনজেন্ট থেকে তোমরা বিদায় নিলেও আশা করি জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সুশৃঙ্খল মানসিকতা ও দেশপ্রেমের চর্চা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ ডা. ছদরুদ্দিন আহমদ বলেন,সরকারি তিতুমীর কলেজের প্রাঙ্গণে আমাদের নতুন ক্যাডেটদের আমি স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এমন একটি প্ল্যাটফর্ম, যা একজন সাধারণ শিক্ষার্থীকে একজন সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। আজ তোমরা বিএনসিসির মূল মন্ত্র জ্ঞান ও শৃঙ্খলা কে ধারণ করে যে পথচলা শুরু করলে, তা তোমাদের জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করল।পড়াশোনার পাশাপাশি ক্যাডেট হিসেবে তোমরা যেন কলেজের সুনাম আরও উঁচুতে নিয়ে যেতে পারো, সেই শুভকামনা রাখছি।
সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জামকালো আয়োজন এর সমাপ্তি হয়।
শু/আজা