একটি নয়, পাঁচটি গানে নেচেছেন, আনন্দ প্রকাশে কোনো লজ্জা নেই
ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। এ নিয়ে সমালোচনা ও ট্রলের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, নাচের জন্য তাঁর কোনো লজ্জা বা সংকোচ নেই। বরং ভাইয়ের বিশেষ দিনে নেচে তিনি আনন্দ প্রকাশ করেছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা পরে হিন্দি গানের সঙ্গে নাচছেন মোনামী। পরে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
পোস্টে মোনামী লেখেন, “এমন একটি দেশে, যেখানে একের পর এক ককটেল বিস্ফোরণ আর অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেখানে আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার নাচের ভিডিওটি হয়ে উঠেছে ‘খবর’!”
ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তিনি বলেন, এটি তাঁর এক বন্ধুর শেয়ার করা পোস্ট থেকে নেওয়া হয়েছিল, যা পরে তিনি নিজেও শেয়ার করেন। বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের অন্তত নিরাপদ ও নির্ভরযোগ্য মনে করেছিলেন বলে জানান তিনি। তাঁর ধারণা, অর্থ উপার্জনের উদ্দেশ্যেই কেউ ভিডিওটি সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দিয়েছেন।
ভিডিওটি ছড়িয়ে দেওয়ার সমালোচনা করে মোনামী লেখেন, “যিনিই এটি করে থাকুন না কেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে এমন হীন পথ অবলম্বন না করিয়ে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল উপায় দান করেন।”
নিজের নাচ নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, নাচটিকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলার মতো বয়স বা শারীরিক গঠন তাঁর নেই—এমন ধারণা থাকতে পারে। তবে একজন নৃত্যশিল্পীর ক্ষেত্রে বয়স বা শারীরিক গড়নই একমাত্র মাপকাঠি কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
মোনামী আরও লেখেন, তাঁর নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনের কিছু মানুষ তাঁকে নিয়ে ট্রল করতে পারেন, তা তিনি জানতেন। তবে এসব নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই।
ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নাচার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, এটি তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে তিনি সব সময়ই নাচতে চেয়েছিলেন। সুযোগ পেলে আবারও একই কাজ করতেন।
পোস্টের শেষাংশে মোনামী বলেন, “আর নেচেছি বলে আমার কোনো লজ্জা বা সংকোচ নেই—এটি ছিল আমার আনন্দ প্রকাশের একটি মাধ্যম! আপনারা তো কেবল একটি ভিডিও পেয়েছেন। আমি তো মোট পাঁচটি গানে নেচেছি। বেশ করেছি!”