জুলাই সনদ নিয়ে বিরোধীদের বক্তব্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ফখরুলের
বিভিন্ন মুখরোচক বক্তব্য দিয়ে বিরোধী দলের অনেকে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালার কথা বিরোধী দল বলছে—এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই এসব কথা বলা হচ্ছে। আন্দোলনে থাকা সব দলই জুলাই সনদে স্বাক্ষর করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
ফখরুল বলেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের কথা বলে আসছে, সংবিধান সংস্কারের কথা নয়। জনগণ বিএনপিকে তাদের নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে ভোট দিয়েছে এবং দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
গণভোট ও উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বসহ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং দলটি এসব বিষয়ে কখনো একমত ছিল না বলেও জানান তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা চাই না, জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটি হাতিয়ারে পরিণত হোক।’ তাঁর অভিযোগ, বিরোধী দল শুধু ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে জুলাইকে ব্যবহার করতে চায়।
২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, সবকিছু এক মুহূর্তে সুন্দর করে ফেলা সম্ভব নয়। এজন্য সবাইকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।
স্মরণসভায় অধ্যাপক এমাজউদ্দীন আহমদের গণতন্ত্রচর্চা ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন বক্তারা। তাঁরা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। এতে আরও বক্তব্য দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, লেখক ও বিশিষ্ট ব্যক্তিরা।
শু/আজা