মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি ছবি:
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি ছবি:

বক্তব্যে, বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে সবার কাছে দোয়া চান তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল

বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি দলের নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান।

মির্জা ফখরুল লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ” বলে বিদায় নিচ্ছি।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘আপনাদের বিশ্বস্ত—মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল। সভায় বক্তব্য দেওয়ার সময় কয়েকবার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কাঁদেন বলে উপস্থিত একাধিক সংসদ সদস্য জানিয়েছেন। এতে সভাকক্ষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বলে সভায় উপস্থিত ব্যক্তিরা জানান।

বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। দীর্ঘদিন দলের মহাসচিবের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দায়িত্ব পালনের সময়ে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে দলের নেতাকর্মীদের কাছে ক্ষমাও চান মির্জা ফখরুল। তিনি বলেন, দল তাঁকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, বঙ্গভবনে যাওয়ার পর তিনি সহকর্মীদের মিস করবেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে দলীয় সংসদ সদস্যদের তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তারেক রহমান। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে সংসদ সদস্যদের সতর্ক করেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সংসদ সদস্যদের দূরত্ব তৈরি না করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, এলাকায় অনেকের সঙ্গে দলের নেতা-কর্মীদের দূরত্ব তৈরি হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই এই দূরত্ব তৈরি হতে দেওয়া যাবে না।

সাম্প্রতিক সংসদ নির্বাচনে অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যাতে কেউ দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে না যান, সে জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে তাঁকে বিজয়ী করতে হবে বলেও সংসদ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

মির্জা ফখরুলের বিদায়ী বক্তব্য এবং মধ্যরাতের ফেসবুক পোস্টের মধ্য দিয়ে দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন শেষে তাঁর নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে যাত্রার বিষয়টি সামনে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রার্থিতা নিয়ে দলের ভেতরেও এখন আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে।

এলাকার খবর

সম্পর্কিত