বিএনপি, জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিএনপি দুর্বল বা বিলীন হলে জামায়াতও রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের গেস্টহাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাশেদ খান বলেন, “জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপি মরলে জামায়াতকেও মরতে হবে।” আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।
জুলাই অভ্যুত্থান দিবসের জাতীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে রাশেদ খান বলেন, বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বিরোধী দলের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। সচিবালয় ঘেরাওয়ের নামে ‘মব’ তৈরিরও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, এভাবে মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে এর সুযোগ আওয়ামী লীগই নিতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলোর এমন কর্মকাণ্ড আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার অডিও নিয়েও প্রশ্ন
সম্প্রতি ভারতে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য প্রচারের প্রসঙ্গেও কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, শেখ হাসিনা জীবিত আছেন কি না, সেটিও তারা নিশ্চিতভাবে জানেন না। প্রচারিত অডিওটি আসলেই শেখ হাসিনার কি না, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে—এ নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা জীবিত থাকলে তাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় বিচার মোকাবিলা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, “হাসিনা বেঁচে থাকলে দেশে ফিরে আসুক। আমরা তাকে ফাঁসির কাষ্ঠে নেওয়ার জন্য বরণ করে নেব।”
আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই
আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তার দাবি, আওয়ামী লীগের দেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাই তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।
বিএনপির নামে চাঁদাবাজি ঠেকানোর আহ্বান
কালীগঞ্জের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরও সতর্ক করেন রাশেদ খান। বিএনপির নাম ব্যবহার করে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, সেদিকে দলের নেতাকর্মীদের নজর রাখার আহ্বান জানান তিনি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএনএম জোবায়ের, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আবু তালিবও উপস্থিত ছিলেন।