গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। বিকল্প কোনো ব্যবস্থা না হলে ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ ও পানি বণ্টনের ৩০ বছরের কার্যক্রমও বন্ধ হয়ে যাবে। অথচ এই তিন দশকে যে বিপুল তথ্য-উপাত্তের রেকর্ড তৈরি হয়েছে, তা জনসমক্ষে গভীরভাবে পর্যালোচনা করা হয়নি।
এই তথ্য-উপাত্ত পর্যালোচনা করা জরুরি। কারণ, প্রায় প্রতিটি পর্যবেক্ষণই ঢাকা বা দিল্লির প্রচলিত কোনো না কোনো ধারণাকে প্রশ্নের মুখে ফেলে। পানি বণ্টনের নির্ধারিত সূত্র বাস্তবায়নের ক্ষেত্রে ঢাকার আলোচনায় যতটা মনে করা হয়, বাস্তবে তা কার্যকর হয়েছে তার চেয়ে ভালোভাবে।
দুই পরিমাপকেন্দ্রের মধ্যবর্তী অংশে নদীর পানিপ্রবাহ বাড়ে, এটি বাস্তবতা। তবে এই বৃদ্ধির পরিমাণ কখনো হিসাব করে জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, দুই সরকারই চুক্তির প্রধান সুরক্ষাব্যবস্থা হিসেবে পর্যায়ক্রমিক ১০ দিনের পানির নিশ্চয়তাকে বিবেচনা করে। কিন্তু ভাটির দিকে প্রবাহিত হওয়ার পথে এই নিশ্চয়তার কার্যকারিতা অনেকটাই কমে যায়। ফলে দুইপক্ষ যে উদ্দেশ্যে এই ব্যবস্থাকে কার্যকর মনে করে, বাস্তবে তা সেই ভূমিকা রাখতে পারছে না।
পরবর্তী অংশে তুলে ধরা সংখ্যাগুলো প্রকাশ্য তথ্য-উপাত্ত থেকে নেওয়া। তবে সেগুলোর ব্যাখ্যা নির্ভর করছে কে কীভাবে সেগুলো বিশ্লেষণ করছেন, তার ওপর।
তথ্য-উপাত্তের রেকর্ড ও একটি সতর্কতা
এই রেকর্ডে ৪৫০টি ১০ দিন মেয়াদি সময়ের তথ্য রয়েছে। ১৯৯৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩০টি শুষ্ক মৌসুমের প্রতিটিতে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১৫টি করে সময় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিটি সময়কালের জন্য চার ধরনের তথ্য রয়েছে। সেগুলো হলো—ফারাক্কায় মোট পানিপ্রবাহের পরিমাণ, ভারতে ছেড়ে দেওয়া পানির পরিমাণ, বাংলাদেশে ছেড়ে দেওয়া পানির পরিমাণ এবং বাংলাদেশের অভ্যন্তরে ভাটিতে মহনন্দা নদীর সঙ্গে মিলনস্থলের পর হার্ডিঞ্জ ব্রিজে পর্যবেক্ষণ করা পানিপ্রবাহের পরিমাণ। এসব তথ্য যৌথ নদী কমিশনের প্রকাশিত রেকর্ড থেকে নেওয়া হয়েছে।
এই রেকর্ডের ভিত্তিতে বস্তুনিষ্ঠভাবে কী দাবি করা যায়, সে বিষয়ে একটি সতর্কতা শুরুতেই উল্লেখ করা জরুরি।
গত ৩০ বছরের ৪৫০টি সময়কালের প্রতিটিতেই ফারাক্কায় পানির প্রাপ্যতার পরিমাণ ভারত ও বাংলাদেশের জন্য ছেড়ে দেওয়া পানির যোগফলের সঙ্গে হুবহু মিলে গেছে। অর্থাৎ, এখানে পানির প্রাপ্যতা প্রকৃত পরিমাপ নয়, বরং হিসাবের একটি নির্ধারিত পরিমাণ। তাই পানি ছাড়ার ক্ষেত্রে নির্ধারিত সূত্র অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করে শুধু এটুকুই বোঝা যায় যে সম্মত হিসাবের মধ্যে সামঞ্জস্য রয়েছে। কিন্তু এতে নদীতে বাস্তবে কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায় না। হার্ডিঞ্জ ব্রিজে পর্যবেক্ষণ করা পানিপ্রবাহ এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।
পানি বণ্টনের চিত্র
বাংলাদেশে পানি ছাড়ার ৪৫০টি সময়ের মধ্যে ৩৭৫টিতে রেকর্ড করা পানির প্রাপ্যতা অনুযায়ী নির্ধারিত সূত্রের সঙ্গে পানির পরিমাণের ব্যবধান ছিল শূন্য দশমিক ৫ কিউসেকের কম।
৩৮৪টি সময়ে এই ব্যবধান ছিল ১ কিউসেকের মধ্যে। ২০টি সময়ে ঘাটতি ছিল ১ কিউসেকের বেশি, যার মধ্যে তিনটিতে ঘাটতি ছিল ১০০ কিউসেকেরও বেশি।
৩০ বছরে মাত্র একটি ১০ দিন মেয়াদি সময়কালে চুক্তির ১১ অনুচ্ছেদে নির্ধারিত ৯০ শতাংশের সীমা লঙ্ঘিত হয়েছে। ১৯৯৭ সালের ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত পানির ঘাটতি ছিল ৪ হাজার ৮৬৩ কিউসেক।
২০০৩ সালের পরবর্তী কোনো সময়ের রেকর্ডে ১ কিউসেকের বেশি ঘাটতি দেখা যায়নি।
পানির পরিমাণের বিচ্যুতির হিসাবে বাংলাদেশই উদ্বৃত্ত পেয়েছে বেশি। ৩ দশমিক ৬৬ বিলিয়ন ঘনমিটার উদ্বৃত্ত পানির বিপরীতে ঘাটতি ছিল শূন্য দশমিক ১৪৩ বিলিয়ন ঘনমিটার। এগুলো পর্যবেক্ষণের ভিত্তিতে পাওয়া তথ্য। তবে এসব তথ্যের ভিত্তিতে কোনো বয়ান তৈরির আগে দুটি বিষয় বিবেচনায় নেওয়া জরুরি।
উদ্বৃত্ত পানির বড় অংশই এসেছে একটি বছরের হিসাব থেকে। ৩ দশমিক ৬৬ বিলিয়ন ঘনমিটার উদ্বৃত্তের মধ্যে শুধু ২০১২ সালেই ছিল ২ দশমিক ১৫ বিলিয়ন ঘনমিটার। ওই বছরের জানুয়ারি থেকে মার্চের শুরুর দিক পর্যন্ত ভারত ৪০ হাজার কিউসেকের পরিবর্তে ২১ হাজার থেকে ৩২ হাজার কিউসেক পানি নিয়েছিল।
এটি পানি ছাড়ের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার চেয়ে সংযোগ খাল বা ব্যারাজের সক্ষমতার সীমাবদ্ধতার ইঙ্গিতই বেশি দেয়।
আরও উল্লেখযোগ্য বিষয় হলো, ওই সাতটি সময়ের ছয়টিতেই হার্ডিঞ্জ ব্রিজে পর্যবেক্ষণ করা পানির পরিমাণ ছিল ছেড়ে দেওয়া পানির পরিমাণের চেয়ে কম। অর্থাৎ, হিসাবের খাতায় যে উদ্বৃত্ত পানি দেখা গেছে, ভাটিতে তার প্রায় কোনো প্রতিফলনই ছিল না।
২০১২ সালের তথ্য বাদ দিলে উদ্বৃত্ত ও ঘাটতির অনুপাত প্রায় ২৫ : ১ থেকে কমে ১০ : ১ এ দাঁড়ায়। তবু হিসাবটি বাংলাদেশের পক্ষেই থাকে, তবে তখন দাবিটির তাৎপর্য ভিন্ন হয়ে যায়।
কোন ব্যাখ্যাটি সঠিক, তা নিশ্চিত হতে হলে যৌথ কমিটির কার্যক্রম-সংক্রান্ত রেকর্ড প্রয়োজন। কিন্তু এসব রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
পানির প্রাপ্যতার ক্ষেত্রে কোনো ধারাবাহিক প্রবণতা দেখা যায় না। চারভাবে এটি পরীক্ষা করা হয়েছে। সেগুলো হলো—পুরো শুষ্ক মৌসুম, সংকটপূর্ণ সময়ে, মৌসুমের বাকি সময় এবং বছরের সর্বনিম্ন পানিপ্রবাহ। কোনোটিতেই পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ কোনো প্রবণতা পাওয়া যায়নি। ফলে ভারত ক্রমেই বেশি পানি নিয়ে যাচ্ছে—এমন দাবি এই রেকর্ড সমর্থন করে না।
একইভাবে, পানিপ্রবাহ স্থিতিশীল রয়েছে—এমন দাবিও সমর্থিত নয়। ৩০টি মৌসুমের তথ্য দিয়ে দীর্ঘমেয়াদি পরিবর্তন ও বছরভিত্তিক ওঠা-নামার মধ্যে পার্থক্য করা যায় না। তাছাড়া, ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত দশকে পানিপ্রবাহ তার আগের ও পরের দশকের তুলনায় প্রায় ৮ শতাংশ কম ছিল। ৩০ বছর মেয়াদি একটি চুক্তির সময়ে এমন একটি শুষ্ক দশক থাকতে পারে, যা চুক্তির নিজস্ব প্রবণতা বিশ্লেষণেও ধরা পড়ে না।
নদীতে কতটা পানি বাড়ে
ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজের মধ্যবর্তী নদী অংশে পানির প্রবাহ বাড়ে। মহানন্দা নদী, ভূগর্ভস্থ পানি এবং সেচের কাজে ব্যবহারের পর নদীতে ফিরে আসা পানি থেকে এই অতিরিক্ত প্রবাহ যুক্ত হয়। এ বিষয়ে কোনো বিতর্ক নেই।
এই বাস্তবতার ভিত্তিতেই ভারতের বিভিন্ন আলোচনায় এখন একটি দাবি সামনে আসছে—চুক্তিতে নির্ধারিত পরিমাণের চেয়ে বাংলাদেশ বাস্তবে বেশি পানি পাচ্ছে। তাই চুক্তি নবায়নের সময় পানির হিস্যা সেই অনুযায়ী সমন্বয় করা উচিত।
যৌথ নদী কমিশনের একই তথ্য-উপাত্তের ভিত্তিতে করা একটি বিশ্লেষণে দেখা গেছে, হার্ডিঞ্জ ব্রিজে পানিপ্রবাহ সাধারণত ফারাক্কায় ছাড়া পানির চেয়ে বেশি। বিশ্লেষণটিতে পানির এই প্রবাহ বৃদ্ধিকে পানিকূটনীতিতে উজানের দেশ ভারতকে সুবিধা দেওয়ার বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। তবে সেখানে বাড়তি পানির পরিমাণ নিরূপণ করা হয়নি।
অন্যদিকে, বাংলাদেশের আলোচনায় নদীতে পানির এই বাড়তি প্রবাহের বিষয়টি সাধারণত একেবারেই উল্লেখ করা হয় না।
তথ্য-উপাত্তের রেকর্ড কোনো পক্ষের প্রতিই বিশেষ পক্ষপাত দেখায় না।
ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজের পানিপ্রবাহের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। এই দুই স্থানের মধ্যবর্তী অংশে নদীতে পানি যুক্ত হয় এবং পানিপ্রবাহ বেশি থাকলে আনুপাতিকভাবে পানির পরিমাণও বেশি বাড়ে। মধ্যক হিসাবে পানির এই বৃদ্ধি প্রায় ১১ শতাংশ। তবে এই বৃদ্ধি সবসময় সমান থাকে না।
জানুয়ারিতে পানিপ্রবাহ বেশি থাকায় এ সময় পানির পরিমাণ বৃদ্ধিও বেশি হয়। ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সংকটপূর্ণ সময়ে পানিপ্রবাহ বাড়লেও পানির পরিমাণ আর বাড়ে না। আর বাংলাদেশের জন্য নির্ধারিত পানির নিশ্চয়তার সময়গুলোতে এই বৃদ্ধি একেবারেই দেখা যায় না।
৪৫০টি সময়ের মধ্যে ৮৮টিতে হার্ডিঞ্জ ব্রিজে পানির পরিমাণ ছিল ফারাক্কা থেকে ছাড়া পানির চেয়ে কম। এসব সময়ে গড় ঘাটতি ছিল ৩ হাজার ৭২৮ কিউসেক এবং সর্বোচ্চ ঘাটতি ছিল ১৫ হাজার ৯৮ কিউসেক।
ভাটিতে বাংলাদেশ প্রচুর পানি পাচ্ছে বলে যে দাবি করা হচ্ছে, তা যাচাইয়ের ক্ষেত্রে ৪৫০টি সময়ের মধ্যে ৮৮টিতে পানির এই ঘাটতিকে সামান্য হিসাবগত ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না।
পর্যায়ক্রমিক পানির নিশ্চয়তা
সংযোজনী-১ অনুযায়ী, ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পর্যায়ক্রমিক ১০ দিন সময়ের প্রতিটি দেশকে ৩৫ হাজার কিউসেক পানি দেওয়ার নিশ্চয়তা রয়েছে। বাংলাদেশের জন্য নির্ধারিত সময়গুলো হলো—মার্চের দ্বিতীয় ১০ দিন এবং এপ্রিলের প্রথম ও তৃতীয় ১০ দিন।
অন্যদিকে, ভারতের জন্য নির্ধারিত সময়গুলো হলো—মার্চের তৃতীয় ১০ দিন, এপ্রিলের দ্বিতীয় ১০ দিন এবং মে মাসের প্রথম ১০ দিন।
সংযোজনী-২-এর নির্দেশক সময়সূচিতে এই বণ্টনব্যবস্থা তুলে ধরা হয়েছে। পর্যায়ক্রমে পানি পাওয়ার এই নিশ্চয়তাই চুক্তির প্রধান সুরক্ষাব্যবস্থা।
বাংলাদেশের জন্য নির্ধারিত সময়গুলোতে ফারাক্কায় পানিপ্রবাহ ৫ হাজার ২৩৪ কিউসেক বাড়লেও হার্ডিঞ্জ ব্রিজে এই বৃদ্ধি ছিল মাত্র ৩৭৩ কিউসেক।
পরিসংখ্যানগতভাবে এই বৃদ্ধিকে শূন্য থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। যেসব সময়কালে এই নিশ্চয়তার ফলে বাংলাদেশে বাস্তবে পানি ছাড়ার পরিমাণ বেড়েছিল, সেসব ক্ষেত্রেও অতিরিক্ত পানির মাত্র এক-পঞ্চমাংশের মতো ভাটিতে পৌঁছেছে।
বাংলাদেশের জন্য নির্ধারিত সময়গুলোতে হার্ডিঞ্জ ব্রিজে ফারাক্কায় ছাড়া পানির চেয়ে কম পানিপ্রবাহ রেকর্ড হওয়ার ঘটনা ভারতের জন্য নির্ধারিত সময়ের তুলনায় প্রায় চারগুণ বেশি। বাংলাদেশের জন্য নির্ধারিত ৯০টি সময়কালের মধ্যে ৩৯টিতে এমন ঘটনা ঘটেছে।
অন্যদিকে, ভারতের জন্য নির্ধারিত ৯০টি সময়কালের মধ্যে এমন ঘটনা ঘটেছে ১০টিতে।
এর কারণ, নদীর স্বাভাবিক প্রবাহ পর্যায়ক্রমিক পানি বণ্টনব্যবস্থার প্রভাব অনেকটাই মসৃণ করে দেয়। হার্ডিঞ্জ ব্রিজে পৌঁছানো পানির পরিমাণ শুধু চলতি ১০ দিন ছাড়া পানির সঙ্গে নয়, বরং চলতি ও আগের সময় ছাড়া পানির গড় পরিমাণের সঙ্গেও মোটামুটি সামঞ্জস্যপূর্ণ।
পানিপ্রবাহে সময়ের ব্যবধান, নদী খাতে পানি সঞ্চিত থাকা এবং ১০ দিনের হিসাবের গড় নির্ণয়, সবকিছুই এ ধরনের প্রভাব তৈরি করতে পারে। দুই পরিমাপকেন্দ্রে পানি পরিমাপের সময়ের পার্থক্যও এর একটি সম্ভাব্য কারণ হতে পারে।
বিষয়টি উদারতা বা চুক্তি মেনে চলার প্রশ্ন নয়; এর তাৎপর্য দুইপক্ষের জন্যই সমানভাবে প্রযোজ্য। ফারাক্কায় পর্যায়ক্রমিক ১০ দিনের ব্যবধানে পানি ছাড়ার ভিত্তিতে তৈরি এই সুরক্ষাব্যবস্থার প্রভাব নদীই অনেকাংশে মুছে দেয়, বাংলাদেশের ব্যবহারের উপযোগী এলাকায় পানি পৌঁছানোর আগেই।
ঢাকার কাছে এই নিশ্চয়তা পুনঃপ্রতিষ্ঠা করাই সবচেয়ে জরুরি সুরক্ষাব্যবস্থা।
অন্যদিকে, দিল্লি এই নিশ্চয়তাকে এমন একটি অঙ্গীকার হিসেবে দেখে, যা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে তারা আগ্রহী নয়। তবে এই রেকর্ড বলছে, দুইপক্ষের কোনো অবস্থানই পুরোপুরি সঠিক নয়। এই নিশ্চয়তার ফলে বাংলাদেশের ব্যবহারযোগ্য এলাকায় অতিরিক্ত পানি পৌঁছায় খুব সামান্যই। ফলে এই নিশ্চয়তা জোরদার করা বা এর বিরোধিতা নিয়ে বিতর্ক মূলত এমন একটি বিষয়কে ঘিরে, যার বাস্তব কার্যকারিতা অনেকটাই কাল্পনিক।
পরামর্শের জন্য নির্ধারিত সীমা
চুক্তিতে দ্বিতীয় একটি সুরক্ষাব্যবস্থাও রয়েছে। ফারাক্কায় পানির প্রাপ্যতা ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই সরকারের মধ্যে তাৎক্ষণিক পরামর্শের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে।
৪৫০টি সময়কালের মধ্যে মাত্র একবার পানির প্রাপ্যতা নির্ধারিত সীমার নিচে নেমেছিল। সেটি ছিল ১৯৯৭ সালের ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ে, যখন পানির পরিমাণ ছিল ৪৮ হাজার ৪৮৭ কিউসেক।
এই পরামর্শমূলক ব্যবস্থাকে যেভাবেই দেখা হোক না কেন, নির্ধারিত এই সীমা গত ৩০ বছরে মাত্র একবার কার্যকর হওয়ার পরিস্থিতি তৈরি করেছে। এই বিধান আরও জোরদার করা হলে কতবার তা কার্যকর হতে পারত, সে বিষয়ে কোনো সরকারই বিশ্লেষণ প্রকাশ করেনি।
মতবিরোধের জায়গা
পানিপ্রবাহের ভাটিতে পৌঁছানোর বিষয়টি বাদ দিলে দেখা যায়, বাকি মতবিরোধের সঙ্গে সংখ্যার কোনো সম্পর্ক নেই। মূল বিরোধ হলো, পানির অনিশ্চয়তা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির দায় কে নেবে—উজানের দেশ, ভাটির দেশ, নাকি নির্ধারিত কোনো সূত্রের মাধ্যমে দুই দেশই সেই দায় ভাগ করে নেবে।
নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার নিশ্চয়তার বিরোধিতায় একটি যুক্তি রয়েছে। তা হলো—নিঃশর্তভাবে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার বাধ্যবাধকতা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির পুরো দায় উজানের দেশের ওপর চাপিয়ে দেয়।
অন্যদিকে, বাংলাদেশ যুক্তি দিতে পারে, ভাটির দেশ হিসেবে পানির প্রতিটি ঘাটতির পরিণতি তাকেই ভোগ করতে হয়।
দুটি বক্তব্যই সত্য। তবে কোনটি বেশি গুরুত্ব পাবে, তা নির্ভর করে মূল্যবোধের ওপর। কোনো তথ্য-উপাত্ত দিয়ে এই বিরোধের মীমাংসা সম্ভব নয়।
এ বাস্তবতা স্বীকার করে নেওয়া মানে কোনো পক্ষকে ছাড় দেওয়া নয়। বরং উদ্দেশ্য নিয়ে বিতর্কে না জড়িয়ে কীভাবে পানি বণ্টনের ব্যবস্থা সাজানো হবে, তা নিয়ে আলোচনার জন্য এটি একটি পূর্বশর্ত।
নীতিনিষ্ঠ বাস্তববাদ (প্রিন্সিপলড প্র্যাগম্যাটিজম) শুরু হয় এখান থেকেই। দুইপক্ষের মধ্যে মাঝামাঝি অবস্থান খোঁজার মাধ্যমে নয়, বরং কোন প্রশ্নের উত্তর তথ্য-উপাত্ত দিয়ে পাওয়া সম্ভব আর কোনটির সম্ভব নয়, তা আলাদা করার মাধ্যমে।
এই ধারণা অনুযায়ী, বাস্তববোধ ছাড়া নীতির প্রতি কঠোর আনুগত্য কার্যকর কোনো পদক্ষেপে রূপ নেয় না।
অন্যদিকে, নীতিহীন বাস্তববাদও টেকসই বা ন্যায়সংগত হতে পারে না।
এ থেকে একটি সীমিত হলেও গুরুত্বপূর্ণ নীতি পাওয়া যায়: স্বার্থের প্রশ্নে সমঝোতা সম্ভব এবং তা বাস্তবায়নও করা যায়, কিন্তু নীতির প্রশ্নে আপস করা যায় না।
তাই লক্ষ্য হওয়া উচিত গঙ্গা সম্পর্কে চূড়ান্ত সত্য প্রতিষ্ঠা করা নয়, বরং দুই দেশের প্রকৃত সক্ষমতা, সীমাবদ্ধতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন একটি অভিন্ন অবস্থানে পৌঁছানো, যা নিয়ে আলোচনা করা এবং বাস্তবে কার্যকর করা সম্ভব।
এ ধারণা প্রয়োগ করলে বিরোধের বিষয়গুলো নতুনভাবে সাজানো যায়। ভবিষ্যতে পানিপ্রবাহ কমে গেলে সেই ঝুঁকির দায় ভারত নাকি বাংলাদেশ বহন করবে, তা মূলত নীতিগত প্রশ্ন।
১২ ডিসেম্বরের আগে কোনো পক্ষই এ বিষয়ে ছাড় দিতে রাজি হবে না।
অন্যদিকে, পর্যায়ক্রমিক পানির নিশ্চয়তা ভাটিতে পৌঁছায় কি না, তা তথ্য-উপাত্তের মাধ্যমে যাচাই করার বিষয়। রেকর্ড বলছে, অধিকাংশ ক্ষেত্রেই তা ভাটিতে পৌঁছায় না। এই তথ্য গুরুত্বপূর্ণ, কারণ এতে কোনো পক্ষই বিশেষ সুবিধা পায় না।
ঢাকার জন্য এর অর্থ হলো, বর্তমানে যেভাবে প্রধান দাবিটি সাজানো হয়েছে, তাতে কাঙ্ক্ষিত অতিরিক্ত পানির সামান্য অংশই ভাটিতে পৌঁছাবে।
অন্যদিকে, দিল্লির জন্য এর অর্থ হলো, যে অঙ্গীকার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে তারা অনিচ্ছুক, তা বাস্তবায়িত হলেও ভাটিতে খুব সামান্য অতিরিক্ত পানি পৌঁছাবে।
এভাবে নীতিগত বিতর্কের জায়গা নেয় পানি বণ্টনের ব্যবস্থা কীভাবে সাজানো হবে, সেই আলোচনা। আর এই প্রশ্নের সমাধান তুলনামূলকভাবে সহজ।
একই যুক্তি আপাতদৃষ্টিতে সামনে থাকা ‘হয় এটি, নয়তো সেটি’ ধরনের দ্বন্দ্বও দূর করতে পারে। বাংলাদেশের মূল প্রয়োজন হলো, শুষ্ক মৌসুমে পানির নির্ভরযোগ্য প্রাপ্যতা।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে যে পরিমাণ পানি পাওয়া নাও যেতে পারে, সেই পরিমাণ পানি সরবরাহের অঙ্গীকার করা থেকে সুরক্ষা চায় ভারত।
১৯৯৬ সালের চুক্তিতে এই দুই প্রয়োজনকে পরস্পরবিরোধী হিসেবে বিবেচনা করে পর্যায়ক্রমে ১০ দিন পরপর পানি ছাড়ার মাধ্যমে একটি মধ্যপন্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু রেকর্ড বলছে, এই ব্যবস্থায় কোনো পক্ষের প্রয়োজনই পুরোপুরি পূরণ হয়নি। পানির প্রাপ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি সময়সূচিতে ন্যূনতম একটি শতকরা হার নির্ধারণ করা হলে তা উভয়পক্ষের উদ্বেগের সমাধান করতে পারে। কারণ, এ ব্যবস্থা শুরু থেকেই শর্তসাপেক্ষ। এতে জলবায়ুর ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে, তা আগাম নির্দিষ্ট করে ধরে নেওয়ারও প্রয়োজন নেই।
এটিই সবচেয়ে ভালো ব্যবস্থা কি না, তা অবশ্য ভিন্ন প্রশ্ন। এই রেকর্ড থেকে তার উত্তর পাওয়া সম্ভব নয়।
তবে রেকর্ডটি একটি বিষয় স্পষ্ট করে: নীতিনিষ্ঠ বাস্তববাদ যেকোনো ব্যবস্থার কাছে এমন প্রত্যাশাই করে, যাতে সেটি সর্বোত্তম না হলেও কার্যকর থাকে। অর্থাৎ, যে অনুমানের ভিত্তিতে ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেগুলো ভুল প্রমাণিত হলেও যেন ব্যবস্থাটি ভেঙে না পড়ে।
১২ ডিসেম্বর কীসের অবসান ঘটবে
পানিকূটনীতির শুরু একটি আপাতত তুচ্ছ প্রশ্ন দিয়ে: এক যোগ এক কত? এর উত্তর নির্ভর করে প্রশ্নটি কাকে এবং কী উদ্দেশ্যে করা হচ্ছে, তার ওপর।
৪৫০টি সময়কালের এই রেকর্ড দিল্লির এই বক্তব্যকে সমর্থন করে যে বাংলাদেশ চুক্তিতে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পানি পাচ্ছে। একইসঙ্গে এটি ঢাকার এই বক্তব্যেরও সমর্থন জোগায় যে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কম। দুটি ব্যাখ্যারই ভিত্তি রয়েছে তথ্য-উপাত্তে। তবে কোনোটিই পুরো চিত্র তুলে ধরে না।
দুটি ব্যাখ্যা পাশাপাশি তুলে ধরাই হতে পারে প্রথম উদ্যোগ। কারণ, একই সংখ্যার ভিত্তিতে দুইপক্ষ যদি বিপরীত সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে কেন এমন হচ্ছে, তা না বোঝা পর্যন্ত আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়।
দ্বিতীয় প্রশ্নটি হলো—কোথায় পরিবর্তন আনা প্রয়োজন। পরিমাপ নিয়ে দর-কষাকষির সুযোগ নেই, তবে ব্যবস্থার কোন পর্যায়ে পরিবর্তনের প্রভাব পড়বে, তা নিয়ে আলোচনা করা সম্ভব।
এই রেকর্ড বলছে, সেই জায়গাটি ফারাক্কায় পানির পরিমাণ নয়, যা নিয়ে দুইপক্ষ গত ৩০ বছর ধরে বিতর্ক করে আসছে। বরং প্রশ্ন হলো, কোথায় এবং কত সময়ের জন্য পানির প্রবাহ নিশ্চিত করা হবে। ব্যারাজে পানির প্রবাহ নিশ্চিত করা হলেও সেই পানি যদি হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত না পৌঁছায়, তাহলে সেটি পানি বণ্টনের সমস্যা নয়, বরং ব্যবস্থার নকশাগত ত্রুটি। আর নকশাগত সমস্যার সমাধানে একাধিক পথ খোলা থাকে।
তৃতীয় বিষয়টি সবচেয়ে কঠিন। দুইপক্ষের অবস্থান যখন অনড় হয়ে যায়, তখন খুঁজতে হয় ‘অষ্টাদশ উট’—এমন একটি ধার করা উপাদান, যা অবিভাজ্য একটি সমস্যাকে বিভাজ্য করে তোলে এবং সমাধান শেষে তা ফেরত দেওয়া যায়।
এখানে সেই উপাদানটি হলো, পানির পরিমাপব্যবস্থা নিজেই। এমন একটি পর্যবেক্ষণ রয়েছে, যার ব্যাখ্যা কোনো পক্ষই এককভাবে দিতে পারে না: দুই পরিমাপকেন্দ্রের মধ্যবর্তী অংশে প্রতি দশকে পানির প্রবাহ প্রায় ২ হাজার কিউসেক করে বাড়ছে। এর কারণ হতে পারে উপনদীর পানিপ্রবাহ, পানির স্তর ও প্রবাহের সম্পর্ক নির্ধারণে ব্যবহৃত পরিমাপক রেখার পরিবর্তন, অথবা নদীখাতের পরিবর্তন। কিন্তু প্রকৃত কারণ কোনটি, তা কেউ জানে না। অথচ প্রতিটি সম্ভাবনারই দুইপক্ষের জন্য ভিন্ন ভিন্ন পরিণতি রয়েছে।
একতরফা কোনো রেকর্ড দিয়ে এসব কারণের মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। যৌথ পর্যবেক্ষণের মাধ্যমে তা সম্ভব হতে পারে। এর ফলাফল দিল্লির অবস্থানকে যেমন সমর্থন করতে পারে, তেমনি ঢাকার অবস্থানকেও।
যদি পানির এই বৃদ্ধি উপনদীর প্রবাহের কারণে ঘটে থাকে, তাহলে নদী চুক্তিতে বরাদ্দ করা পানির চেয়ে বেশি পানি সরবরাহ করছে। ভারতের আলোচনায় যে দাবি করা হচ্ছে, সে ক্ষেত্রে সেটিই সত্য বলে প্রমাণিত হবে। এতে কোনো দেশের পানির বরাদ্দ কমবে না, আবার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কে বহন করবে, সেই প্রশ্নেও কাউকে ছাড় দিতে হবে না।
এই পর্যবেক্ষণের দায়িত্ব চুক্তির চতুর্থ অনুচ্ছেদের অধীনে গঠিত যৌথ কমিটির। ১২ ডিসেম্বর বিকল্প কোনো ব্যবস্থা ছাড়াই চুক্তির মেয়াদ শেষ হলে কমিটির দায়িত্বও শেষ হয়ে যাবে। ফলে ১৯৯৬ সালের পর ২০২৭ সালের শুষ্ক মৌসুমই হবে প্রথম মৌসুম, যখন দুই দেশ যৌথভাবে পানিপ্রবাহ পরিমাপ করবে না।
এই নদী নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে খুব কম বিষয়েই ঐকমত্য রয়েছে। তা সত্ত্বেও ৩০ বছর ধরে দুই দেশ একই পদ্ধতিতে নদীর পানিপ্রবাহ পরিমাপ করেছে। ওপরে উল্লেখ করা প্রতিটি পর্যবেক্ষণ সম্ভব হয়েছে সেই যৌথ উদ্যোগের কারণেই।
পানির পরিমাপ নিজে থেকে কোনো পানি বণ্টন করে না। এ কারণেই চুক্তি নবায়নের আলোচনায় এটি বজায় রাখা সবচেয়ে সহজ বিষয়। আর সে কারণেই ১২ ডিসেম্বর এই ব্যবস্থার অবসান ঘটলে সেটিই হবে সবচেয়ে কঠিনভাবে ব্যাখ্যা করার মতো ক্ষতি।
চুক্তির নিজস্ব শর্ত অনুযায়ী এর মেয়াদ শেষ হবেই। কিন্তু যৌথ নদী কমিশনের যাত্রা শুরু হয়েছিল এই চুক্তির ২৪ বছর আগে; কমিশনের কার্যক্রমের মেয়াদ শেষ হচ্ছে না। তাই বাকি বিষয়গুলোর বিকল্প কী হবে, তা নিয়ে দুই সরকার আলোচনা চালানোর সময়ও পুরোনো সেই ম্যান্ডেটের আওতায় পরিমাপকেন্দ্রগুলো সচল রাখতে কোনো বাধা নেই।
লেখক : শফিকুল ইসলাম, টাফটস বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কূটনীতি বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়টির ওয়াটার ডিপ্লোম্যাসি প্রোগ্রামের পরিচালক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসির শিক্ষক। শফিকুল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের র্যাডক্লিফ ফেলো।
সূত্র : ডেইলি স্টার