কুড়িগ্রামের রাজারহাটে আসাদ-আরিফসহ কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অপসাংবাদিকতা, মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট ট্রাফিক বক্সের সামনে ‘রাজারহাট উপজেলা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসাদ-আরিফসহ কয়েকজন ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি এবং নানা ধরনের সিন্ডিকেট তৈরিরও অভিযোগ তোলেন বক্তারা।
বক্তারা বলেন, সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশাকে ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থে সাধারণ মানুষকে হয়রানি কিংবা বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম টুটুল, মাহবুব হোসেন, হান্নান হোসেন, রেজাউল হক, আবদুল কাদের ও লায়ন ইসলামসহ অনেকে।
এ সময় বক্তারা অপসাংবাদিকতা, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধে উপজেলা প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।