কক্সবাজার সমুদ্রসৈকতে বাবা ছেলে গোসলে নেমে ভাটার তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন বাবা। এ সময় তার ছেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ বাবার উদ্ধার চলমান রয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে। হেলাল উদ্দিন তার পরিবার নিয়ে সমুদ্র সৈকতে গোসলে নামেন।
নিখোঁজ পর্যটক মোহাম্মদ হেলাল উদ্দীন (৫২)। তিনি মেহেরপুর সদর উপজেলার পশু হাসপাতালপাড়া এলাকার মৃত আনোয়ার শেখের ছেলে। উদ্ধার হওয়া তার ছেলে মোহাম্মদ নিলয় (২২) কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, পর্যটক নিখোঁজের ঘটনার পর তার ছেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দীনকে উদ্ধারে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, হেলাল উদ্দীন ছেলে ও এক স্বজনকে নিয়ে সমুদ্রে গোসলে নামেন। ভাটার তীব্র স্রোতে তারা গভীর পানির দিকে ভেসে গেলে সঙ্গে থাকা তরুণের চিৎকারে স্থানীয়রা লাইফগার্ড কর্মীদের খবর দেন। পরে লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে নিলয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তবে হেলাল উদ্দীন এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা সমন্বিতভাবে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।