কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব: এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার বিনিময়ে তাকে দেওয়া ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাবকারীদের নাম জনসম্মুখে প্রকাশের দাবিতে এই নোটিশ দেওয়া হয়। বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া জেলা জজকোর্টের আইনজীবী আব্দুল মজিদ এমপি মুফতি আমির হামজার কাছে এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশ অথবা তাদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেন যে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য মাত্র তিন দিনের মধ্যে তাকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বক্তব্যে বলেন, "পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমাকে আমার অবস্থান থেকে সরানো যাবে না।" গত ফেব্রুয়ারি মাসে দেওয়া তার এই বক্তব্য জাতীয় ও স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, রাষ্ট্রীয় আইন ও শরিয়াহ আইন অনুযায়ী ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই সমান অপরাধী। সেখানে অভিযোগ করা হয়, ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা প্রকাশ্যে বললেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ না করা কিংবা তাদের আইনের আওতায় না আনা অপরাধীদের আড়াল করার শামিল।

আইনজীবী আব্দুল মজিদ দাবি করেন, বর্তমান সময়ে সরকার দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী অবস্থানে থাকায় একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এ ধরনের গুরুতর বিষয়ে নীরব থাকা কাম্য নয়। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার স্বার্থে এবং কুষ্টিয়াবাসীর কাছে দেওয়া অঙ্গীকার রক্ষায় দ্রুত ঘুষ প্রস্তাবদাতাদের নাম প্রকাশের দাবি জানানো হয়েছে।

নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নাম প্রকাশ বা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে মুফতি আমির হামজার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এলাকার খবর

সম্পর্কিত