নাটোর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত মা ও শিশু সদনে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর এবং এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, সকাল ৭টার দিকে প্রসূতি রুমি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তার সন্তান জন্ম নেয়। তবে জন্মের কিছুক্ষণ পরই নবজাতকটির মৃত্যু হয়।
নিহত নবজাতকটি নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক বাবু হোসেন ও রুমি বেগম দম্পতির প্রথম সন্তান। ডেলিভারির সময় হাসপাতালের কর্মী ইতি রানী মণ্ডল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নবজাতকের মৃত্যুর পর চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর করেন। এ সময় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের বক্তব্য, ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
শু/আজা