ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি—এ খবর শুনে অসুস্থ হয়ে পড়েন বোন। পরে হাসপাতালে নেওয়ার পথে সাইফুন্নেসা (৬৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুন্নেসা একই গ্রামের আবদুল গফুরের (৬০) বড় বোন। আবদুল গফুর বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বমি ও শারীরিক দুর্বলতা নিয়ে আবদুল গফুরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে সাইফুন্নেসা মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে বাড়িতেই অসুস্থ হয়ে পড়ে যান তিনি।
পরিবারের সদস্যরা মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সাইফুন্নেসাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। তবে খুলনায় নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিহাদুর রহমান বলেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অথবা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সাইফুন্নেসার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, আবদুল গফুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শু/আজা