জামালপুরের মেলান্দহে ট্রলি (ভটভটি) ও সিএনজির সংঘর্ষে দুই নারী নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহের বেতমারী তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা উজ্জল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরের দিকে রওনা দিয়ে মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলি (ভটভটি) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুই নারী যাত্রীকে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আত্মীয়সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন দেওয়ানগঞ্জের পোল্লাকান্দি এলাকার হবিবর রহমানের মেয়ে হিমা (২৩)। সে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। অন্যজন ওই উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের মজিবুর মিস্ত্রীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, লাশ সুরতহাল করা হচ্ছে। আমাদের পুলিশ স্পষ্টেই আছে তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শু/আজা