মেহেরপুরের গ্রামে মিলল ৯৬ স্থলমাইন, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

মেহেরপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

এর মধ্যে ৭৯টি অ্যান্টি-পার্সোনেল এবং ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন

মেহেরপুরের গাংনী উপজেলার একটি গ্রাম থেকে সেনাবাহিনীর সদস্যরা মাটি খুঁড়ে পরিত্যক্ত ৯৬টি স্থলমাইন উদ্ধার করেছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, সোমবার বেলা ১১টা থেকে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট মেজর তারিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধারকাজ শুরু করে। পরে রাত সাড়ে ৭টার দিকে সব মাইন নিষ্ক্রিয় করে তারা যশোরে ফিরে যান। এর মধ্যে ৭৯টি অ্যান্টি-পার্সোনেল এবং ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন রয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার একটি পরিত্যক্ত জমিতে মাটির নিচে ‘স্থলমাইন সদৃশ বস্তু’ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলে।

‘মাইন সদৃশ বস্তু’ উদ্ধারের জন্য পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদরদপ্তরে ওইদিনই জেলা থেকে চিঠি দেওয়া হয়।

তিন দিন পর সোমবার দুপুর ২টার দিকে যশোর থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৯৬টি স্থলমাইন উদ্ধার করা হয়।

পরে পার্শ্ববর্তী মধুগাড়ি গ্রামের মাঠে নিয়ে মাইনগুলো নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরণের ভয়াবহতা বিবেচনায় দুই কিলোমিটার দূরে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। এ সময় সংবাদকর্মীকেও বিস্ফোরণস্থলের দিকে যেতে দেওয়া হয়নি। তবে বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন স্থানীয়রা।

এদিকে মাইন উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

এলাকার খবর

সম্পর্কিত