রংপুরে বর্ণবাদী আচরণের প্রতিবাদে সড়ক অবরোধ ও এসপি অফিস ঘেরাও

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

এক শিক্ষার্থীকে ‘কালো ছেলে’ বলে তুচ্ছতাচ্ছিল্য ও বর্ণবাদী আচরণের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা একজন অতিরিক্ত পুলিশ সুপার এক শিক্ষার্থীকে ‘কালো ছেলে’ বলে ব্যঙ্গ করেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে দুপুর দুইটার দিকে শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—কালো ছেলে, কালো ছেলে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং বর্ণবাদবিরোধী নানা স্লোগান দিতে দিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করে। সেখানে বিকেল চারটা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন নিজেকে প্রতিষ্ঠানের হর্তাকর্তা পরিচয় দিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এছাড়া শিক্ষক-অভিভাবকদের মতামত উপেক্ষা করে দুই শিফটে স্কুল পরিচালনা এবং অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার অভিযোগও তোলেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো—দুই শিফট বাতিল করে এক শিফট চালু করা, প্রশাসনের সিন্ডিকেট বিলুপ্ত করা, ক্যানটিনে উন্নত মানের খাবার ও সহনীয় মূল্য নিশ্চিত করা, প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিয়মিত আপডেট রাখা এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যান। তবে দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের আলটিমেটাম দেওয়া হয়েছে।

এ বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের কার্যালয়ে যোগাযোগ করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। পরে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এলাকার খবর

সম্পর্কিত