রায়গঞ্জে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়গঞ্জে স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী ও নিরবচ্ছিন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তব্যের একপর্যায়ে তিনি আব্দুল মান্নান তালুকদারের রাজনৈতিক জীবন, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।

আলোচকরা বলেন, আব্দুল মান্নান তালুকদার ছিলেন একজন আদর্শনিষ্ঠ ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক দর্শন ও কর্মময় জীবন নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।

শেষে মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শু/আজা

বিষয়:

রায়গঞ্জ
এলাকার খবর

সম্পর্কিত