লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

আজাদ প্রতিবেদন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ছবি:
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ছবি:

উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আ হ ম মোশতাকুর রহমান সভাপতি এবং সাইদুল ইসলাম পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা সম্পন্ন করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি আ হ ম মোশতাকুর রহমান লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত সাইদুল ইসলাম পাবেল টানা চতুর্থবারের মতো এ পদে নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।

২০২৬-২০২৭ মেয়াদের জন্য গঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (দৈনিক কালবেলা), কোষাধ্যক্ষ সোহেন রানা (নাগরিক টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন (আজকালের খবর), প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য রাজিব হোসেন রাজু (আমার দেশ) ও আফজাল হোসেন (সবুজ জমিন)।

সহ-সভাপতি পদে জহির উদ্দিন (বিটিভি) ও জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন) সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল ড্র ঘোষণা করা হয়। এ পদে পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বলেন, প্রেস ক্লাবের সদস্যরা পুনরায় আস্থা রেখে তাকে নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞ। প্রেস ক্লাবের ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমে অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন তিনি।

সভাপতি আ হ ম মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার সংরক্ষণ এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। কার্যনির্বাহী কমিটির সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিকদের পেশাগত সংগঠন হিসেবে ভূমিকা রেখে আসছে। এবারের নির্বাচনে ক্লাবের সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কামাল উদ্দিন, কাজী মাকছুদুল হক, রেজাউল করিম পারভেজ ও সানা উল্লাহ সানু।

এলাকার খবর

সম্পর্কিত